Published : 01 Aug 2026, 11:00 PM
প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতে ফুলহ্যামের হয়ে নিয়মিতই খেলছেন ফারহান আলি ওয়াহিদ। বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার এবার সুযোগ পেয়েছেন পর্তুগিজ ক্লাব ফারেসির বিপক্ষে।
শনিবার প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম।
দ্বিতীয়ার্ধে ৮৪তম মিনিটে স্মিথ রোয়ের বদলি হিসেবে ফারহানকে নামান কোচ আলভারো আরবেলোয়া।
এ নিয়ে প্রাক-মৌসুমে ফুলহ্যামের তিনটি প্রস্তুতি ম্যাচেই খেললেন ফারহান। ১৯ বছর বয়সী এই উইঙ্গার নরিস সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র ম্যাচেও খেলেন তিনি।
মূল দলের প্রস্তুতি ম্যাচে নিয়মিত খেলার সুবাদে প্রতিযোগিতামূলক ম্যাচেও ফুলহ্যামের জার্সিতে ফারহানের খেলার সম্ভাবনা জোরাল হচ্ছে। এই তরুণকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।