জুরিখে দৌড়াবেন না বোল্ট
জুরিখ ডায়মন্ড লিগে দৌড়ানোর কথা থাকলেও এই বছরে আর ট্র্যাকে না নামার সিদ্ধান্ত নিয়েছেন উসাইন বোল্ট। প্রতিযোগিতা থেকে বোল্ট নিজের নাম সরিয়ে নিয়েছেন বলে রোববার নিশ্চিত করেছে ডায়মন্ড লিগের আয়োজকরা।
এ মৌসুমে প্রথমবারের মতো ১০ সেকেন্ডের কম সময় নিয়ে ১০০ মিটার শেষ করার পরদিনই এই সিদ্ধান্ত নিলেন ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্ট।
জুরিখের ডায়মন্ড লিগের আয়োজকরা এক বিবৃতিতে বোল্টকে নিয়ে তার কোচ গ্লেন মিলসের ভাবনার কথা জানায়।
এই মুহূর্তে বোল্টের কোনো চোট নেই। সতর্কতার জন্য বছরের বাকি সময়ে তাকে আর কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ে ট্র্যাকে নামাতে চান না মিলস।
তাছাড়া ২০১৫ মৌসুমের জন্য ভালোভাবে প্রস্তুতি সেরে নেয়াটাও ওই সিদ্ধান্তের অন্যতম মূল কারণ। আগামী বছর চীনের বেইজিংয়ে বসবে অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর।
