২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ নিয়ে আশাবাদী নন ফন গাল

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে দুর্দান্ত শুরুর আভাস দেয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিগের প্রথমেই হোঁচট খাওয়ায় যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন দলটির নতুন কোচ লুইস ফন গাল। তাই প্রত্যাশার চাপ কমাতেই কি না, ডাচ এই কোচ বললেন, ইউনাইটেড এবার ইপিএলের শিরোপা জিতলে সেটা হবে ‘আলৌকিক’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:00 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

এ মাসের শুরুতে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো দলগুলোকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জেতে ইউনাইটেড। দলের অমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে ফন গালের প্রশংসায় মাতে ভক্ত-সমর্থকরা।

কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই উল্টো চিত্র দেখে ফুটবল বিশ্ব। গত ১৬ অগাস্ট লিগের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ঘরের মাটিতে ২-১ গোলে হেরে যায় ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

তারপর থেকেই সমালোচনার তির ধেয়ে আসতে শুরু করে নেদারল্যান্ডসের এই কোচের দিকে। ব্রিটেনের সংবাদমাধ্যমে নিজের সমালোচনা দেখে সম্প্রতি ফন গাল বলেন, “দুই সপ্তাহ আগে ছিলাম ম্যানচেস্টারের রাজা আর এখন আমি ম্যানচেস্টারের শয়তান। এটাই ফুটবল বিশ্ব এবং বিশেষ করে ফুটবল বিশ্বের গণমাধ্যম।”

আর এবার সমর্থকদের বাস্তববাদী হতে বললেন তিনি। সরাসরিই জানালেন, এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ জেতার সম্ভাবনা নেই বললেই চলে।

“এই মৌসুমে (আমরা) শিরোপা জিতলে তা হবে আলৌকিক। তবে এটা সম্ভব নয়, এটাও বলা যায় না।”

ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারও এটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারবে বলে মনে করেন নেদারল্যান্ডসকে বিশ্বকাপে তৃতীয় করা এই কোচ।

স্বদেশের হয়ে বিশ্বকাপ অভিযান শেষে ইংল্যান্ডের অন্যতম সফল দল ইউনাইটেডের দায়িত্ব নেন ফন গাল।

গত মৌসুমে ধারাবাহিক ব্যর্থতায় সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছিল ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি।