লিভারপুলের হচ্ছেন বালোতেল্লি
এসি মিলান ছেড়ে ইংলিশ লিভারপুলে নাম লেখাতে যাচ্ছেন মারিও বালোতেল্লি। সবকিছু ঠিক থাকলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সোমবারই চুক্তি হবে ইতালির এই ফরোয়ার্ডের।
মেডিকেল পরীক্ষা করাতে গত শুক্রবার লিভারপুল গিয়েছিলেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। পরীক্ষা শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সারতে আবার সান সিরোতে ফেরেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী বালোতেল্লির জন্য ১ কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিচ্ছে লিভারপুল। আর বালোতেল্লির সাপ্তাহিক বেতন হতে চলেছে প্রায় ১ লাখ ২০ হাজার পাউন্ড।
এর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন বালোতেল্লি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে ২০টি গোল করেন তিনি।
তবে সোমবার লিভারপুলের হয়ে পুরনো ক্লাব সিটির বিপক্ষে মাঠে নামা হবে না বালোতেল্লির। ম্যাচের আগে তার চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে না।
