নেইমারের চ্যালেঞ্জ নিলেন সুনিগা
নেইমারের চ্যালেঞ্জ নিলেন হুয়ান কামিলো সুনিগা। ব্রাজিলের ফরোয়ার্ডের আহবানে বরফ জলে ভিজলেন কলম্বিয়ার এই ডিফেন্ডার।
বিশ্বকাপে চোটে ফেলার জন্য সুনিগাকে এ 'শাস্তি' দেননি ব্রাজিলের ফরোয়ার্ড। সুনিগাকে তিনি মহৎ এক উদ্দেশেই চ্যালেঞ্জটি জানান।
তহবিল যোগাড়ের জন্য এই আইস বাকেট চ্যালেঞ্জের সূচনা করেছে যুক্তরাষ্ট্রের অ্যামাইওট্রোফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) অ্যাসোসিয়েশন। মোটর নিউরনের এই রোগে আক্রান্ত হলে কথা বলতে সমস্যা হয় এবং কেউ কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত।
বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের অনেক তারকা (এএলএস) অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে যোগ দিয়েছে। এখন এটা ছড়িয়ে পড়ছে ফুটবলেও। নেইমার নিজেই নিজেকে ভেজানোর পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সুনিগাকে।
নাপোলির ডিফেন্ডার সুনিগা আবার 'আইস বাকেট চ্যালেঞ্জ' জানান জাতীয় দলে তার তিন সতীর্থ ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা হামেস রদ্রিগেস, হুয়ান গিয়ের্মো কুয়ার্দাদো আর পাবলো আরমেরোকে।
