১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব মেনে নিলেন শিয়েরার

ইংল‍্যান্ডের সাবেক এই স্ট্রাইকার মনে করেন, শ্রেয়তর দল ছিল আর্জেন্টিনা এবং ফাইনালে থাকাটা তাদের প্রাপ‍্য।

আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব মেনে নিলেন শিয়েরার
ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলারদের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 01:20 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

সেমি-ফাইনালের আগে ইংল‍্যান্ডের অনেক সাবেক ফুটবলার আর্জেন্টিনার চেয়ে নিজেদের এগিয়ে রেখেছিলেন। কেউ কেউ বিশ্ব চ‍্যাম্পিয়নদের হেয় করেও কথা বলেছিলেন। সেগুলোতে যোগ না দেওয়া অ‍্যালান শিয়েরার মেনে নিলেন লিওনেল মেসিদের শ্রেষ্ঠত্ব। বললেন, ফাইনালে থাকাটা আর্জেন্টিনার প্রাপ‍্য।

দ্বিতীয় সেমি-ফাইনালে এগিয়ে গিয়েও আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইংল‍্যান্ড। বিশ্বকাপের ফাইনালে খেলার জন‍্য দেশটির অপেক্ষা আরও বেড়েছে। 

ম‍্যাচ শেষে বিবিসি ওয়ানে আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসিয়েছেন শিয়েরার। 

“আমি মনে করি, শ্রেয়তর দল জিতেছে। আপনাকে এই ব‍্যাপারে খোলামেলা এবং সৎ হতে হবে। (পিছিয়ে পড়ার পর) তাদের প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত। তাদের কয়েকটি চেষ্টা পোস্টে লেগেছিল এবং ইংল‍্যান্ডের ভাগ‍্য ভালো ছিল।

“ওরা মোটেও আতঙ্কিত হয়নি, নিজেদের পরিকল্পনায় অটল ছিল, নিজেদের কাজে আস্থা রেখেছিল এবং তারা কাজটা করতে পেরেছে।” 

খেলার গতি বাড়াতে দ্বিতীয়ার্ধে নিকো হন্সালেস, রদ্রিগো দি পল, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি ও লাউতারো মার্তিনেসকে মাঠে নামায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে লিওনেল মেসির ডান পায়ের ক্রসে চমৎকার হেডে ব‍্যবধান গড়ে দেন মার্তিনেস। 

শিয়েরার মনে করেন, আর্জেন্টিনার বদলি খেলোয়াড়রা ম‍্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

“ওদের বদলগুলো কাজে লেগেছে। ওরা ম‍্যাচে যেভাবে ফিরে এসেছে এটাকে আপনার সম্মান জানাতেই হবে। কথাটা বলা যত কষ্টদায়কই হোক, রোববারের ফাইনালে থাকাটা তাদের প্রাপ‍্য।” 

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল‍্যান্ড।