২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শুরু চেলসিরও

দুর্বল বার্নলির বিপক্ষে প্রথমে গোল খেলেও সে ধাক্কা কাটিয়ে উঠতে দেরি করেনি চেলসি। উল্টো ১৭ মিনিটের মধ্যে তিন গোল করে প্রথমার্ধেই জয়টা নিশ্চিত করে ফেলে তারা। শেষ পর্যন্ত নবাগত দলটিকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শুরু করেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 03:07 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ১৪তম মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। ডি বক্সের মধ্যে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রনে নিয়ে ডান পায়ের জোরালো শটে চেলসির জালে বল পাঠান স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট আরফিল্ড।

তিন মিনিট বাদেই অবশ্য স্ট্রাইকার দিয়েগো কস্তার গোলে ম্যাচে ফেরে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। সতীর্থ ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের কোনাকুনি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বল পেয়ে যান ব্রাজিলে জন্ম নেয়া কস্তা। ডি বক্সের মধ্যে থেকে আলতো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এর চার মিনিট পর স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাসের পাস থেকে ব্যবধান বাড়ান জার্মানির স্ট্রাইকার আন্দ্রে শুরলে। আর ৩৪তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে যান সার্বিয়ার ইভানোভিচ। ছোট ডি বক্সের মধ্যে থেকে একরকম বিনা বাধায়ই বল জালে পাঠান তিনি।

ফলে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া সবগুলো বড় দলই জয় দিয়ে প্রিমিয়ার লিগের পথচলা শুরু করলো। গত শনিবার লিগের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড।