ম্যাচ পাতিয়েছে ফরাশগঞ্জ-ওয়ারী
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ-ওয়ারী ম্যাচটি পাতানো ছিল বলে প্রমাণ পেয়েছে পেশাদার লিগ কমিটি।
শনিবার কমিটির সভার পর চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, “একটি টিভি চ্যানেলের কাছ থেকে পাওয়া পুরো ম্যাচের ভিডিও আমরা দেখেছি। তদন্ত করেছি। পেশাদার লিগ কমিটির তদন্তে ম্যাচটি পাতানো প্রমাণিত হয়েছে।”
তবে পাতানো ম্যাচের শাস্তির ব্যাপারটি এখনো চূড়ান্ত করেনি পেশাদার লিগ কমিটি। টুর্নামেন্টের বাইলজে ম্যাচের পাওয়া তিন পয়েণ্ট ও আরো ৬ পয়েন্ট কেটে নেয়ার কথা উল্লেখ আছে।
চ্যাম্পিয়নশিপ লিগের টেবিলের সেরা দুই দল প্রিমিয়ার লিগে খেলার টিকিট পায়। চ্যাম্পিয়নশিপ লিগ টেবিলে ৩৫ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জের অবস্থান দ্বিতীয়। ২২ পয়েণ্ট নিয়ে ওয়ারী আছে চতুর্থ অবস্থানে। বাইলজ অনুযায়ী ৯ পয়েন্ট কাটা গেলেও ফরাশগঞ্জ রানারআপই থাকবে। কারণ বর্তমান টেবিলে তৃতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাংকের পয়েণ্ট ২৬। ৯ পয়েন্ট কাটা গেলে ফরাশগঞ্জের পয়েন্ট হবে ২৬। তবে অগ্রণী ব্যাংকের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফরাশগঞ্জেরই ওঠার কথা প্রিমিয়ার লিগে।
২১ মের ওই ম্যাচে ওয়ারী ২-০ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ফরাশগঞ্জের কাছে ৩-২ গোলে হেরে যায়।
ম্যাচটি পাতানো ছিল প্রমাণিত হওয়ার পরও ফরাশগঞ্জ প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পাবে কিনা, তা নিশ্চিত বলতে পারেননি সালাম মুর্শেদী।
“বাইলজ অনুযায়ী যে শাস্তির বিধান আছে, সেটা হবে। তবে এছাড়াও দোষী ক্লাবগুলোকে কোনো শাস্তি দেয়া হবে কিনা, সেটা আমরা পরের সভায় নির্ধারণ করব।”
পেশাদার লিগ কমিটির পরের সভা হবে ২৪ অগাস্ট।
চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ-ওয়ারী ও অগ্রণী ব্যাংক-বাড্ডা জাগরণী-এ দুটি ম্যাচ পাতানো ছিল বলে অভিযোগ উঠে। পেশাদার লিগ কমিটির তদন্তে অগ্রণী ব্যাংক-বাড্ডা জাগরণীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
