২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের শুরুতেই অঘটন

মৌসুমের প্রস্তুতি পর্বে কোনো প্রীতি ম্যাচ না হেরে প্রিমিয়ার লিগে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নিজেদের মাঠে উল্টো হার দিয়েই লিগ শিরোপা পুনরুদ্ধানের অভিযান শুরু করলো ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। দুর্বল সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে কোচ লুইস ফন গালের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 08:28 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ডাচ কোচ ফন গালের অধীনে ইউনাইটেডের এটাই ছিল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, তাও আবার ঘরের মাঠে। গত আসরে সপ্তম হয়েছিল প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

শনিবারের এই ম্যাচ দিয়েই শুরু হলো নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পথ চলা। অঘটনের এই ম্যাচ ফন গালের কপালে বাড়তি দুশ্চিন্তা যোগ করলেও ফুটবল ভক্তদের জন্য এটা হতে পারে আরেকটি উত্তেজনায় ভরা শিরোপা লড়াইয়ের আভাস।

অধিনায়কের দায়িত্বে স্ট্রাইকার ওয়েইন রুনির জন্যও এটা ছিল প্রথম ম্যাচ। দর্শনীয় এক গোল করে সামনে থেকে নেতৃত্বও দিলেন তিনি; কিন্তু হার এড়াতে পারলেন না।

ঘরের মাঠে ম্যাচের ২৮তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সুং-ইয়ং কির গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

অবশ্য দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই দলকে সমতায় ফেরান ইংল্যান্ডের খেলোয়াড় রুনি। কর্নার থেকে বল পেয়ে গোলপোস্টের সামান্য দূর থেকে দারুণ দক্ষতায় গোলটি করেন তিনি।

এরপর অল্প সময়ের ব্যবধানে আরো কয়েকটা সুযোগ তৈরি করে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কাঙ্খিত গোলের দেখা আর পায়নি তারা। এরই মাঝে ৭২তম মিনিটে পুরো গ্যালারি স্তব্ধ করে দিয়ে আবারো এগিয়ে যায় অতিথিরা। গোলটি করেন প্রথম গোলের সহায়তা করা আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিউরসন।

নিজেদের মাটিতে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ হেরে হতাশ ফন গাল।

“দল হিসেবে প্রথমার্ধে খেলতে পারিনি। আমরা নার্ভাস ছিলাম। তবে দ্বিতীয়ার্ধেও আমরা দল হিসেবে খেলতে পারিনি।”