জামা খুলে সোনা হাতছাড়া
ট্র্যাকের লড়াইয়ে ঠিকই জিতলেন কিন্তু জয় উদযাপন করতে গিয়েই ছেলেমানুষী করে ফেললেন ফরাসি দৌড়বিদ মাহিয়েদিন মেকিসি-বেনাববাদ। আর তাতেই সব শেষ; ৩ হাজার মিটার স্টিপলচেইজ জিতেও জামা খুলে তা উদযাপন করায় ডিসকোয়ালিফাইড হয়েছেন তিনি। ফলে হাতছাড়া হয়ে গেছে সোনার মেডেল।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঘটনাটি ঘটে। ট্র্যাকের দৌড় ঠিকভাবেই দৌড়ালেন বেনাববাদ। অতি আনন্দে ভুলটা করে বসলেন শেষ দিকে এসে, গায়ের জামা খুলে মুখে ধরে দর্শক অভিনন্দনের জবাব দিতে লাগলেন।
ওই কাণ্ডের জন্য তৎক্ষনিকভাবে তাকে হলুদ কার্ড দেখান ট্র্যাকে থাকা কর্মকর্তা। পরে স্পেনের কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে তাকে ‘ডিসকোয়ালিফাইড’ করা হয়।
এই পাগলামিটা না করলে টানা তৃতীয়বারের মতো এই ইভেন্টে সোনা জিততেন ২৯ বছর বয়সী এই তারকা।
