বিশ্ব দাবায় বাংলাদেশের অবনমন
শেষ রাউন্ডে হেরে গতবারের চেয়ে অনেক পিছিয়ে থেকে নরওয়েতে দাবা অলিম্পিয়াড শেষ করেছে বাংলাদেশের ছেলেরা। তবে নিয়াজ মোর্শেদরা হারলেও জয় দিয়েই প্রতিযোগিতা শেষ করেছে মেয়েরা।
উন্মুক্ত বিভাগের একাদশ বা শেষ রাউন্ডে সুইডেনের কাছে ৩-১ পয়েণ্টে হারে বাংলাদেশের ছেলেরা। আর মহিলা বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে জাম্বিয়াকে হারায়।
পাঁচ জয় ও দুই ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৭৭টি দেশ ও সংস্থার মধ্যে ৬৪তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে ছেলেরা। তুরস্কের ইস্তানবুলে গত আসরে উন্মুক্ত বিভাগে ১৫০টি দেশ ও সংস্থার মধ্যে ৩৩তম হয়েছিল বাংলাদেশ।
গত আসরের তুলনায় মেয়েদের ফল ততটা খারাপ নয়। এবার ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩৬টি দেশ ও সংস্থার মধ্যে ৫৬তম হয়েছে মেয়েরা। ২০১২ সালে ইস্তানবুলে মহিলা বিভাগে ১২৭টি দেশ ও সংস্থার মধ্যে ৫২তম হয়েছিল বাংলাদেশ।
বৃহস্পতিবার উন্মুক্ত বিভাগে বাংলাদেশের ছেলেদের কেউই জিততে পারেনি। ড্র করেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোর্শেদ। আর হেরে যান অপর দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন।
মেয়েদের বিভাগে জয় পান মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার শারমিন শিরিন সুলতানা। আর ড্র করেন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আকতার লিজা। মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা হেরে যান।
উন্মুক্ত বিভাগে আট জয় ও তিন ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চীন। আর মেয়েদের বিভাগে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে রাশিয়া।
