বায়ার্নকে হারিয়ে সুপার কাপ বরুসিয়ার
টানা দ্বিতীয়বারের মতো জার্মান সুপার কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের দৌড়ে বায়ার্নকে ছাড়িয়ে গেল বরুসিয়া।
বরুসিয়ার এটা ষষ্ঠ জার্মান সুপার কাপ শিরোপা, বায়ার্ন জিতেছে পাঁচবার।
বুধবার ঘরের মাঠ সিগনাল-ইদুনা পার্কে বরুসিয়ার পক্ষে গোল দুটি করেন হেনরিখ মিখিতারিয়ান ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
২৩তম মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা আর ৬২তম মিনিটে গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াংয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায় তাদের।
আগের মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ বিজয়ীর মধ্যে এই শিরোপা লড়াইটি হয়ে থাকে। তবে গতবার ওই দুই প্রতিযোগিতায়ই বায়ার্ন চ্যাম্পিয়ন ও বরুসিয়া রানার্সআপ হওয়ায় এবারের সুপার কাপে বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে সুযোগ পায় বরুসিয়া।
