ম্যান সিটির সঙ্গে নতুন চুক্তি কোম্পানির
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছে দলটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। এই চুক্তির ফলে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে ২০১৯ সাল পর্যন্ত খেলবেন বেলজিয়ামের এই ডিফেন্ডার।
২০১২ সালে লিগ শিরোপা জেতার পরই কোম্পানির সঙ্গে ছয় বছরের চুক্তি বাড়িয়েছিল সিটি। সে হিসেবে ২০১৮ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের দলটির হয়ে খেলার কথা ছিল ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের।
২০০৮ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর এ পর্যন্ত দলটির হয়ে ২৪০টি ম্যাচ খেলেছেন কোম্পানি। তার নেতৃত্বে দুটি প্রিমিয়ার লিগসহ এফএ কাপ ও ক্যাপিটাল ওয়ান কাপও জিতেছে অন্যতম জনপ্রিয় এই দলটি।
চুক্তি বাড়ানোর পর কোম্পানি বলেন, "২০০৮ সালে যখন আমি এখানে আসি তখন স্বপ্নেও ভাবিনি, গত ছয় বছরে আমরা যা জিতেছি তা অর্জন করতে পারবো। তবে এই যাত্রার এটা শুরু মাত্র।"
