২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস: বাদ ৯ ডিসিপ্লিন, ‘সুযোগ’ বাকিদের

এশিয়ান গেমসে ২১টি ডিসিপ্লিনে অংশ নেয়ার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বুধবার ৯টি ডিসিপ্লিন কাটছাট করে ১২টিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 09:35 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

অভিজ্ঞতা অর্জনের জন্য অংশগ্রহণ নীতি থেকে সরে এসে ডিসিপ্লিন কমানোর এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ দাবি করছে বিওএ। কিন্তু এ নিয়ে প্রশ্ন থাকছেই, কেননা ১৬৪ জনের বহরে বেশিরভাগেরই লক্ষ্য হিসেবে এবারো থাকছে পরখ করে নেয়ার বিষয়টি।

অলিম্পিক, কমনওয়েলথ কিংবা এশিয়ান-সব গেমসেরই প্রাণ অ্যাথলেটিকস ও সাঁতার। এ দুটি আকর্ষণীয় ইভেন্ট থেকে বাংলাদেশের নাম কাঁটা পড়েছে বিওএর সিদ্ধান্তে। বাদ গেছে বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তলন, কুস্তি ও ব্যাডমিন্টনও। এই ইভেন্টগুলো বাদ দেয়ার কারণ ব্যাখ্যায় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার ভাষ্য, “গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে প্রত্যাশিত সাফল্য মেলেনি।”

সাফল্য মেলার ‘কোটায়’ এশিয়াডে টিকে গেছে শুটিং। গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে একমাত্র পদকটি এসেছে শুটিং থেকে। আবদুল্লা হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পান। বাছাইয়ে তৃতীয় হলেও শারমিন আক্তার রত্না ফাইনালে ৬ষ্ঠ হন।

এশিয়ান গেমসের যে ১২টি ইভেন্টে এবার বাংলাদেশ অংশ নেবে, সেগুলোর মধ্যে সাফল্যের সম্ভবনা বেশি ক্রিকেট ও কাবাডিতে। ২০১০ সালে গুয়াঞ্জু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা এনে দেয়। ওই আসরে মেয়ে ক্রিকেট দল জয় করে রৌপ্য।

এশিয়ান গেমসে কাবাডিতে কখনও সোনা না পেলেও এই ইভেন্ট থেকে পদক আসছে সেই ১৯৯০ সাল থেকে। কাবাডি থেকে এ পর্যন্ত ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

ক্রিকেট, কাবাডি নিয়ে প্রশ্ন নেই। কিন্তু আর্চারি, ফেন্সিং, গলফ, কারাতে, তায়কোয়ানদো, বিচ ভলিবল ও উশুর ইনচনে যাওয়া ঘিরে প্রশ্ন আছে। এই ডিসিপ্লিনগুলো রাখার প্রশ্নে ‘পরখ করে নেয়ার’ পুরোনো কথা শোনালেন শাহেদ রেজা।

“কমনওয়েলথ গেমসে ১০টি ইভেন্টকে সুযোগ দেয়া হয়েছিল। যারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাদের বাদ দেয়া হয়েছে। এশিয়ান গেমসে বাকিদের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা এবং এ সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেয়া হয়েছে।”

যোগ করেন, “আমরাও জানি, যাদের পাঠাচ্ছি তারা একটি-দুটি ইভেন্ট ছাড়া সাফল্য পাবে না। তবে তারাও (এশিয়াডে যাওয়া ১২টি ইভেন্ট) অনুশীলন করছে। তাদেরকেও সুযোগ দিতে হবে। আমরা চাই তারাও পরীক্ষা দিয়ে আসুক। এশিয়ান গেমসের পারফরম্যান্স দেখার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”

তবে এশিয়ান গেমসের বেলায় পরখ করে নেয়ার গতানুগতিক সিদ্ধান্তের বলয়ে থাকলেও বিওএ এবার নতুন কিছু উদ্যোগ নিতে চাইছে। এশিয়ান গেমসের পারফরম্যান্সের সঙ্গে বাংলাদেশ গেমস ও এসএ গেমসের সাফল্য-ব্যর্থতা মিলিয়ে একটা মানদণ্ড তৈরির পরিকল্পনা আছে বিওএর। কোন ইভেন্টগুলোয় বাংলাদেশ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেবে, তাও ঠিক করার পাশাপাশি সাফ ও ইন্দো বাংলা গেমসকে প্রাধান্য দেয়ার কথাও বলেছেন তিনি।

তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার এই প্রচেষ্টা বিওএ শুরু করবে এশিয়ান গেমসের পর। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এবারের এশিয়ান গেমস।