২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচ হলেন মার্তিনো

বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো মার্তিনোকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দক্ষিণ আমেরিকার দেশটিকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তোলা আলেহান্দ্রো সাবেইয়ার জায়গা নিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 12:14 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

এএফএ তাদের ওয়েবসাইটে মঙ্গলবার মার্তিনোকে কোচ করার ঘোষণা দেয়। রোসারিওতে জন্ম নেয়া মার্তিনোর সঙ্গে তাদের চুক্তিটা ব্রাজিল বিশ্বকাপের পরপরই হয়ে যায় বলে জানায় এএফএ।

ডুসেলডর্ফে ৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা-অভিযান শুরু করবেন মার্তিনো।

সাবেইয়া বিশ্বকাপের পর আর থাকবেন না-এটা জার্মানির বিপক্ষে ফাইনালের আগেই জানিয়ে দেন তার এজেন্ট। ফাইনালে জার্মানির কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙার পরও সাবেইয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল এএফএ। কিন্তু প্রয়াত সভাপতি হুলিও গ্রন্দোনার সেই প্রস্তাবে সাড়া দেননি সাবেইয়া। এরপরই মার্তিনোর সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে রাখে এএফএ।

৫১ বছর বয়সী মার্তিনো গত মৌসুমেই বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছিলেন। বড় কোনো শিরোপা ছাড়া বার্সেলোনা মৌসুম শেষ করার পর লিওনেল মেসিদের ছেড়ে আসেন প্যারাগুয়ে দলের সাবেক কোচ।

২০১০ বিশ্বকাপে প্যারাগুয়েকে কোয়ার্টার-ফাইনালে তোলা মার্তিনো বার্সেলোনার দায়িত্ব নেয়ার আগে মেসির সাবেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েসকে আর্জেন্টিনার লিগ শিরোপা জেতান।