আর্জেন্টিনার রোহোকে চায় ম্যান ইউ
ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা আর্জেন্টিনার মার্কোস রোহোকে দলে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডিফেন্ডার রোহোও চান ইংল্যান্ডের সফল ক্লাবটিতে যোগ দিতে। ইতোমধ্যে নিজের ইচ্ছার কথা রোহো তার বর্তমান দল স্পোর্টিং লিসবনকে জানিয়েও দিয়েছেন।
দল বদলের এই সম্ভাবনার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত পর্তুগালের দলটির হয়ে অনুশীলন করছেন না রোহো।
গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে ফাইনালসহ জাতীয় দলের হয়ে সবকটি ম্যাচেই লেফট-ব্যাকের দায়িত্বে ছিলেন রোহো। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ গোলের জয়ে একটি গোলও করেছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। তাকে কিনতে দুই কোটি ইউরো দাম হেঁকেছে ইউনাইটেড।
রিও ফার্ডিনান্ড ও নেমানিয়া ভিদিচ ওল্ট ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ায় ইউনাইটেডের নতুন কোচ লুইস ফন গালের একজন ডিফেন্ডার খুব দরকার। ওই শূন্যতা দূর করতেই রোহোকে চান ডাচ এই কোচ।
