ম্যান সিটির সঙ্গে চুক্তি বাড়ালো সিলভা
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে আরো পাঁচ বছর চুক্তি বাড়িয়েছে দাভিদ সিলভা।
ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দলটির সঙ্গে চুক্তি বাড়িয়ে ভীষণ খুশি স্পেনের এই প্লেমেকার।
জাতীয় দলের হয়ে ৮৩টি ম্যাচ খেলা সিলভা বলেন, “ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই এটা আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। (এখানে আসার পর) মাঠে এবং মাঠের বাইরে নিজেকে আমার খুবই পরিপূর্ণ মনে হয়। তাহলে কেন আমি এখানে থাকবো না এবং অসাধারণ দলটির হয়ে শিরোপা জেতাটা অব্যাহত রাখবো না?”
২০১০ সালে স্পেনের ক্লাব ভালেন্সিয়া থেকে দুই কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। গত মৌসুমে লিগ শিরোপা ছাড়াও ক্যাপিটাল ওয়ান কাপ জেতা ম্যানচেস্টার সিটির হয়ে ওই মৌসুমে ৪০ ম্যাচ খেলে আট গোল করেছিলেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
