বিশ্ব দাবার দশম রাউন্ডে বাংলাদেশের জয়
নরওয়েতে দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে উন্মুক্ত ও মহিলা বিভাগে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ দল।
দশম রাউন্ডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশের ছেলেরা ৩.৫-০.৫ পয়েন্টে হারায় দুর্বল এল সালভাদরকে। আর মেয়েরা ৩-১ পয়েন্টে হারায় দৃষ্টি প্রতিবন্ধীদের দল ইন্টারন্যাশনাল ব্রেইল চেস অ্যাসোসিয়েশনকে।
মঙ্গলবার উন্মুক্ত বিভাগে সাদা নিয়ে জেতেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। কালো নিয়ে জেতেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কালো নিয়ে ড্র করেন।
১০ রাউন্ড শেষে পাঁচ জয় ও দুই ড্রয়ে তাদের ম্যাচ পয়েন্ট ১২।
মেয়েদের বিভাগে সাদা নিয়ে জেতেন দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার লিজা। আর কালো নিয়ে জেতেন মহিলা ফিদে মাস্টার শারমিন শিরিন সুলতানা। কালো নিয়ে হেরে যান নজরানা খান।
১০ রাউন্ড শেষে পাঁচ জয়ে বাংলাদেশের মেয়েদের ম্যাচ পয়েন্ট ১০।
