২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপেই রিয়াল অভিষেক রদ্রিগেসের

উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদে অভিষেক হতে চলেছে কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেসের। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, একই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন জার্মানির টনি ক্রুসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 01:02 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় উয়েফা ইউরোপা কাপের চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচটি হবে কার্ডিফে।

ম্যাচের আগের এক সংবাদ সম্মেলনে সোমবার আনচেলত্তি তার দল নিয়ে কথা বলার সময়ই রদ্রিগেস ও ক্রুসের উয়েফা সুপার কাপে মাঠে নামার ইঙ্গিত দেন।

“টনি ক্রুস ভালো অবস্থায় আছে। সে আর হামেস রদ্রিগেসের দুজনেই আগামীকাল (মঙ্গলবার) খেলবে বলে মনে হচ্ছে।”

উয়েফা সুপার কাপে রদ্রিগেস মাঠে নামলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগের খেলা দেখা হয়ে যাবে ফুটবল রোমাঞ্চপিয়াসীদের। রদ্রিগেসের সঙ্গে এই ম্যাচে যে মাঠে নামবেন বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার গ্যারেথ বেল ও ক্রিস্তিয়ানো রোনালদো।

ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা রদ্রিগেসকে গত মাসে দলে টানে রিয়াল মাদ্রিদ। ২৩ বছর বয়সী কলম্বিয়ার এই ফরোয়ার্ডের জন্য ৮ কোটি ইউরো গুণতে হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

মোনাকো থেকে রদ্রিগেসকে এত টাকা খরচ করে দলে নিয়ে রিয়াল ভুল করেনি বলেই মনে করেন আনচেলত্তি। বিশ্বকাপ জয়ী জার্মানির মিডফিল্ডার ক্রুসও রিয়ালকে বেশ সাহায্য করতে পারবেন বলে বিশ্বাস কোচের।

“রদ্রিগেসকে পেয়ে দলের মানের আরো উন্নতি হয়েছে।… টনি ক্রুস আমাদের খুব সাহায্য করবে। বিশেষ করে কৌশলগত ও মাঠে তার পজিশনের দিক থেকে।”