এশিয়ান গেমস: প্রস্তুতি ম্যাচের উদ্যোগ বাফুফের
এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য নেপাল ও মালয়েশিয়ার সঙ্গে ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ জন্য দুটি দেশকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এশিয়ান গেমসে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা বাফুফেকে জানান জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। সে অনুযায়ী নেপাল ও মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়েছে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
“নেপাল ও মালয়েশিয়ার সঙ্গে মাত্রই আলোচনা শুরু করেছি। তাদেরকে চিঠি দিয়েছি। কাল তাদের সঙ্গে কথা বলব। দুটি দেশের অনুর্ধ্ব-২৩ বা জাতীয় দলের সঙ্গে ম্যাচ আয়োজনের কথা হচ্ছে আমাদের।”
বাফুফের পরিকল্পনা, ২০ থেকে ৩০ অগাষ্টের মধ্যে নেপালের সঙ্গে ও সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে প্রস্তুতি ম্যাচ দুটি খেলার। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এবারের এশিয়ান গেমস।
সোহাগ জানান, নেপালের সঙ্গে ঢাকায় ও দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।
এক-দুই দিনের মধ্যেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। দুটি দেশ সাড়া না দিলে বিকল্প ভাববে বাফুফে।
