জার্মানিকে বিদায় বললেন ক্লোসা
ব্রাজিল বিশ্বকাপ জয়, সঙ্গে রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া; আন্তর্জাতিক ফুটবল থেকে আর কিইবা পাওয়ার থাকতে পারে মিরোস্লাভ ক্লোসার। সুখের আবেশ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানির এই ফরোয়ার্ড।
১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেয়ার ঘোষণার বিবৃতিতে এই সময়টাকেই সঠিক বলে উল্লেখ করেন তিনি।
"ব্রাজিলে বিশ্বকাপ জয়ে ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো।"
ব্রাজিল বিশ্বকাপে মাত্র ২টি গোলই পান ৩৬ বছর বয়সী জার্মান তারকা। তবে এই ২ গোলেই রেকর্ড বইয়ে নিজের নামটি খোদাই করে নেন ক্লোসা। ব্রাজিলের কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে তিনিই এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক (১৬টি)।
জার্মান দলকে বিদায় জানাতে গিয়ে তাই নিজেকে গর্বিত মনে করতেই পারেন ক্লোসা।
"জার্মানির ফুটবলের বড় এই সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত। জাতীয় দলের অধ্যায় শেষ করার জন্য আমার কাছে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।"
শুধু বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডই নয়, জাতীয় দলকে বিদায় জানানোর আগে জার্মানির ফুটবলের কিছু রেকর্ডও নতুন করে লেখান ক্লোসা।
কিংবদন্তি জার্ড মুলারের ৪০ বছরের একটি পুরানো রেকর্ড ভেঙে দেন তিনি। গত জুনে ৬৮ গোল করা মুলারকে সরিয়ে জার্মানির সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হন ক্লোসা।
২০০১ সালে প্রথম জার্মানির হয়ে মাঠে নামেন ক্লোসা। এরপর জার্মানির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ (১৩৭) খেলা ক্লোসার নামের পাশে এখন ৭১টি আন্তর্জাতিক গোল।
