হার দিয়ে মৌসুম শুরু মোনাকোর
হার দিয়ে মৌসুম শুরু করল ফ্রান্সের লিগ ওয়ানের গত মৌসুমের রানার্সআপ মোনাকো। ঘরের মাঠে লরিয়েন্তের কাছে তাদের হারটি ২-১ গোলে।
রোববার মোনোকার মাঠে নবম মিনিটেই এগিয়ে যায় সফরকারী লরিয়েন্ত। গোলটি করেন ক্যামেরুনের হয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলা ফরোয়ার্ড ভিনসেন্ত আবুবকর।
দুই হলুদ কার্ড দেখে ৬৭ মিনিটে রিকার্দো কারভালিয়োকে মাঠ ছাড়তে হলে মোনাকো ১০ জনের দল হয়ে যায়।
৭৮ মিনিটে মোনাকোর পক্ষে পেনাল্টি থেকে গোলটি শোধ দেন চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়ার ফরোয়ার্ড রাদামেল ফালকাও।
তবে শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোনাকো। স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে খেলা শেষের তিন মিনিট আগে অতিথিদের জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ভ্যালতাঁ লাভিয়াঁ।
মোনাকো হারলেও নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক লিওঁ।
গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারায়।
