ইন্টার মিলানে চিলির 'পিটবুল'
বিশ্বকাপে ভালো খেলার পুরস্কার পেলেন চিলির গারি মেদেল। কার্ডিফ সিটি থেকে ইন্টার মিলানে নাম লেখালেন চিলির সমর্থকদের কাছে 'পিটবুল' নামে পরিচিত এই ডিফেন্ডার।
২০১৩ সালে ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে সেভিয়া থেকে মেদেলকে দলে টানে ইংল্যান্ডের কার্ডিফ। ১ কোটি ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে আনা মেদেলকে ইন্টার মিলানের কাছে ১ কোটি পাউন্ডের বিনিময়ে বিক্রি করল তারা।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত কার্ডিফের হয়ে লিগে ৩৪টি ম্যাচ খেলেন মেদেল।
কার্ডিফের হয়ে খুব একটা ভালো খেলতে না পারলেও সদ্য শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে সবার নজর কাড়েন মেদেল।
রক্ষণে অনমনীয় মনোভাবের জন্য চিলির মানুষের কাছে 'পিটবুল' আখ্যা পাওয়া মেদেল বিশ্বকাপে স্পেনের দিয়েগো কস্তা আর ব্রাজিলের নেইমারকে সফলভাবে পাহারা দেন।
গ্রুপ পর্বে স্পেন ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে চিলি। তবে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে পড়ে মেদেলের দল।
