২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৪০ লাখ টাকা কম পেল হকি

বাংলাদেশ হকির পাশেই থাকল জনতা ব্যাংক। তবে গত বছরের চেয়ে স্পনসরশীপের টাকার অঙ্কটা কমিয়েছে প্রতিষ্ঠানটি। ৪০ লাখ টাকা কমিয়ে আগামী এক বছরের জন্য বাংলাদেশের হকির উন্নয়নে ৫০ লাখ টাকা স্পনসর করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 08:11 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হয়।

চুক্তি নবায়ন অনুষ্ঠানেই বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

গত বছর হকির উন্নয়নের জন্য ৯০ লাখ টাকা স্পনসর করেছিল জনতা ব্যাংক। এবার তা ৪০ লাখ টাকা কমে যাওয়ার পেছনে ‘প্রাতিষ্ঠানিক’ সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন ফারুক।

এবার টাকার অঙ্ক কমলেও ভবিষ্যতে বাংলাদেশ হকির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ফারুক। কেবল জাতীয় দলের জন্যই নয়, আগামীতে স্কুল পর্যায়ে হকি ছড়িয়ে দিতে বাংলাদেশের হকি ফেডারেশনের পাশে থাকার কথা বলেন তিনি।

যাত্রা কেবল মাত্র শুরু হলো উল্লেখ করে ফারুক বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি হকির উন্নয়নেরও অংশীদার হতে চাই আমরা। তারই অংশ হিসেবে হকির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।”

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেয়া টাকার সদ্ব্যবহার করে হকির উন্নয়নের প্রতিশ্রুতি দেন ফেডারেশনের সভাপতি। জনতা ব্যাংককে পাশে নিয়ে হকিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ইনামুল বারীর।

“দ্বিতীয় বছরের মতো জনতা ব্যাংক পাশে থাকায় আমরা খুশি। আশা করি আগামীতেও তারা আমাদের পাশে থাকবে, হকির উন্নয়নে ভুমিকা রাখবে। অন্যরাও হকির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে বলে বিশ্বাস আমার।”

জনতা ব্যাংকের দেয়া আগের টাকায় পাকিস্তান থেকে নাভিদ আলমকে কোচ করে এনেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। বিদেশী কোচ আসায় কিছুটা হলেও সাফল্য এসেছে। নাভিদ আসার পর র্যাদঙ্কিংয়ে ৬ ধাপ ‍ওপরে ওঠে বাংলাদেশ।

আন্তর্জাতিক র্যা ঙ্কিংয়ে গত এক বছরে বাংলাদেশ হকির উন্নতিতে খুশি ইনামুল বারী। জনতা ব্যাংকের সঙ্গে চুক্তি নবায়ন অনুষ্ঠানে আগামী এক বছরে র্যা ঙ্কিংয়ে আরো পাঁচ ধাপ এগুনোর লক্ষ্য স্থির করার কথা জানান তিনি।

তবে নাভিদকে এশিয়ান গেমসের পর আর রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে হকি ফেডারেশন। আগের চুক্তি থেকে পাওয়া টাকার বড় অংশই ব্যয় হয় নাভিদের পেছনে। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, এশিয়ান গেমসের পরেই কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।