হকির প্রস্তুতিতে সন্তুষ্টি, এবার সাফল্যের প্রত্যাশা
ভারতের কাছে টানা তিন ম্যাচ হারে হতাশা নেই; বরং কোচ নাভিদ আলমের মতো দেশের হকি তারকা খোরশেদ-চয়নদের চোখেও এখন দুটি স্বপ্ন। ওয়ার্ল্ড হকি লিগে চ্যাম্পিয়ন হওয়া ও এশিয়ান গেমসে সাফল্য পাওয়া।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের খেলা হবে ঢাকায়। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে ২০১৪ এশিয়ান গেমস। এই দুটি আসর সামনে রেখে ভারতের সঙ্গে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ আয়োজন করা হয়। সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
তবে হেরে যাওয়া এই সিরিজে অর্জনের কমতি নেই বাংলাদেশের। অন্তত র্যাঙ্কিংয়ের দিকে তাকালে তাই-ই মনে হবে। হকির বর্তমান র্যাঙ্কিংয়ে নবম ভারত, বাংলাদেশ ৩০তম।
ভারতের সঙ্গে শক্তি আর সামর্থ্যের ব্যবধানটা তাই জানা। এ কারণে তিন প্রস্তুতি ম্যাচের শুরুর দুটিতে এগিয়ে গিয়েও হার এবং তৃতীয় ম্যাচে ৩-১ গোলের পরাজয় বাংলাদেশের জন্য বড় ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে উঠছে না। বরং প্রথম ম্যাচের জড়তা কাটিয়ে পরের দুই ম্যাচে গতিময় হকি খেলে প্রতিপক্ষের প্রশংসাও কুড়িয়েছে বাংলাদেশ। এমনকি কোচ নাভিদ আলমের কথাতেও ‘উন্নতির’ বিষয়টি পরিস্কার হয়ে যাচ্ছে।
“আগে বাংলাদেশ এক ম্যাচেই ১০ থেকে ১২ গোল খেত, এবার আমরা তিন ম্যাচে ১০ গোল খেয়েছি।”
প্রথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ২-১ ও ৫-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কোচ বললেন, “সবাই স্কোরলাইনের দিকে তাকাবে, কিন্তু আমি ছেলেদের পারফরম্যান্সের দিকে তাকাব।”
এরপর ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের লক্ষ্যটা জানিয়ে দিয়েছেন তিনি। গতবারও প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারো আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কাকে টপকে চ্যাম্পিয়ন হতে চান নাভিদ।
“ভারতের কাছে আমরা হেরেছি। কিন্তু হারলেও অনেক কিছু শিখেছি এবং এ সিরিজটি আমাদের লড়াইয়ের মানসিকতা তৈরি করে দেবে। আশা করি ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারব আমরা।”
বাংলাদেশের গ্রুপ থেকে দুটি দল ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে খেলবে। ‘দ্বিতীয়’ হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার ইচ্ছা নেই খোরশেদুর রহমানের। ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান গেমসে ভালো করার প্রত্যায় জানালেন তিনিও।
“বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি আমরা। ভারতের বিপক্ষে হারলেও সিরিজে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি। এখন এশিয়ান গেমসে ভালো করতে চাই। ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বেও চ্যাম্পিয়ন হতে চাই।”
“ভারতের সঙ্গে খেলে আমরা অনেক কিছু শিখেতে পেরেছি। নিজেদের কোথায় কোথায় ভুল হয়েছে, সেটা জানতে পেরেছি। এ ভুলগুলো শুধরে নিয়েই পরের আসরগুলোতে নামব আমরা”, যোগ করেন তিনি।
তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ১০ গোল খেয়েছে বাংলাদেশ। গোলের আরো সুযোগ তৈরি করেছিল অতিথিরা। স্বাগতিকদের রক্ষণ দেয়ালের দৃঢ়তায় তা হয়নি। ভারত কোচ তুষার খান্ডেকার আলাদা করে প্রতিপক্ষের রক্ষণভাগের প্রশংসা করেছেন। খোরশেদও জানালেন, ভারতের জালে ২ গোল করার চেয়ে রক্ষণ দেয়ালে শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখার তৃপ্তির কথা।
“ভারতের সঙ্গে খেলার ফলে আমাদের রক্ষণভাগ আগের চেয়ে শক্তিশালী হয়েছে। আসলে ওদের সঙ্গে খেলতে পেরে আমরা খুবই উপকৃত হয়েছি।”
তৃতীয় ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মামুনুর রহমান চয়ন। ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান গেমসের আগে দলের সবাইকে কোচ পরখ করে নিতে চাওয়ায় তৃতীয় ম্যাচে খেলা হয়নি তার। তবে ম্যাচ শেষে তিনিও দিয়েছেন এশিয়ান গেমসে ভালো কিছু করার প্রতিশ্রুতি।
“‘ভারত শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলে নিজেদের দুর্বল দিক সম্পর্কে জানতে পেরেছি। এগুলো ঠিক করে নিতে হবে। এই সিরিজের ভুলগুলো শুধরে নিয়ে এশিয়ান গেমসে ভালো করতে চাই।”
ভারতের বিপক্ষের সিরিজের পর কোচ নাভিদ আলমের সঙ্গে শিষ্য চয়ন-খোরশেদের কথাগুলো মিলে যাচ্ছে বেশ। তাই ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্ব এবং পরের এশিয়ান গেমসে প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ কতটুকু মেলে সেটাই আপাতত দেখার অপেক্ষা।
