কানাডায় মুখোমুখি উইলিয়ামস বোনেরা
রজার্স কাপে দুই উইলিয়ামস বোনের একজনের এবার বিদায় নেবার পালা। টুর্নামেন্টের সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই দুই টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামস।
মেয়েদের টেনিসের এক নম্বর তারকা সেরেনা সেমি-ফাইনালে ওঠেন ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে। শুক্রবার কানাডার মন্ট্রিয়ালে ডেনমার্কের এই তারকাকে ৪-৬, ৭-৫, ৭-৫ গেমে হারান সেরেনা।
উইলিয়ামস পরিবারের বড় মেয়ে শেষ চারে ওঠেন স্পেনের কার্লা সুয়ারেস নাভাররোকে ৪-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে।
এর আগে সেরেনা ও ভেনাস ২৪ বার টেনিস কোর্টে মুখোমুখি হন।
রজার্স কাপে মেয়েদের এককের অপর সেমি-ফাইনালে খেলবেন তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কা ও একাতেরিনা মাকারোভা।
পোল্যান্ডের রাদভানস্কা শেষ আটে বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কাকে ৬-২, ৬-২ গেমে হারান। আর অবাছাই রুশ তরুণী মাকারোভা সেমি-ফাইনালে ওঠেন যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েগেকে ৬-১, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে।
