২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মৌসুমে ইব্রার দারুণ শুরু

গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটাও যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার জোড়া গোলেই ফ্রান্সের লিগ ওয়ানে রাঁসের সঙ্গে ২-২-এ ড্র করেছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রাসের মাঠ থেকে শুক্রবার লিগের প্রথম ম্যাচে জয় নিয়েই ফিরতে পারত পিএসজি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইব্রাহিমোভিচ।

দলে নতুন আসা ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইসকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তবে ইব্রাহিমোভিচের গোলে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে লিগ শুরু করা পিএসজি গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২২তম মিনিটে গোলটি শোধ দিয়ে দেয় রাস। ১২ মিনিট পর ২-১ গোলে এগিয়েও যায় তারা।

৬৩তম মিনিটে গত মৌসুমে দুর্দান্ত খেলা ইব্রাহিমোভিচের গোলেই আবার সমতায় ফেরে পিএসজি।

ফরাসি লিগে টানা দুটি শিরোপা জেতা পিএসজি অবশ্য প্রথম ২০ মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে গড়ে দিতে পারত। এই সময়ের মধ্যেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন ইব্রাহিমোভিচ। সুইডেনের এই স্ট্রাইকারের একটি শট পোস্টে লেগেও ফিরে আসে।