২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ হারল হকি দল

এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ হেরে গেল বাংলাদেশ। বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হেরেছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 07:37 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

পরাজয়ের ব্যবধানটা ছাড়া দ্বিতীয় ম্যাচের গল্পটাও অনেকটা প্রথম ম্যাচের মতো। এগিয়ে গিয়েও হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল স্বাগতিকরা।

শুক্রবার খেলার ধারার বিপরীতে শক্তিশালী ভারতের বিপেক্ষ এগিয়ে যায় বাংলাদেশ। ৭ম মিনিটে কৃষ্ণ কুমার দাসের হিট পুস্কর খিসা মিমোর স্টিক ছুঁয়ে হাসান জুবায়েরের কাছে যায়। স্বাগতিকদের এগিয়ে দেন তিনিই।

গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন মিনিট পরেই ভারতকে সমতায় ফেরান হারজিৎ সিং। গোলটি তিনি করেন রিভার্স হিটে।

প্রথম কোয়ার্টারে ব্যবধান ২-১ করে নেয় ভারত। ১২তম মিনিটে ইউসুফ আফানের বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন যুবরাজ ওয়ালমিকি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। ২০তম মিনিটে অধিনায়ক এস কে উথাপ্পা ও ২৫তম মিনিটে দেবেন্দর সুনীল ওয়ালমিকি রিভার্স শটে গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকে ব্যবধান আরো বাড়িয়ে নেন ভারতের ইউসুফ আফান। যুবরাজের হিট বদলি গোলকিপার আবু সাঈদ নিপ্পন রুখে দিলেও ফিরতি হিটে গোল করেন তিনি।

বড় ব্যবধানের জয়েও অবশ্য খুশি নন ভারত কোচ তুষার খন্দকার।

“আমরা এর চেয়েও ভালো খেলতে পারি।”

বাংলাদেশের খেলা সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশ উন্নতি করছে। উন্নতির বিষয়টা আসলে একটা চলমান প্রক্রিয়া।”

স্কোরলাইন নিয়ে অসন্তোষ থাকলেও শিষ্যদের খেলার গতিতে খুশি বাংলাদেশ কোচ নাভিদ আলম।

“প্রথম ম্যাচের স্কোরলাইন ভালো ছিল, কিন্তু খেলা সন্তোষজনক ছিল না। আজ স্কোরলাইন ভালো হয়নি, তবে ছেলেদের খেলায় গতি ছিল।”

শনিবারের ম্যাচে গতিময় খেলার সঙ্গে গোল তুলে নেয়ার আশাও প্রকাশ করেন তিনি।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে শনিবার।