মৌসুমের শুরুতে আর্সেনালে নেই বিশ্বজয়ী ত্রয়ী
কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ের জন্য বিশ্বকাপ জয়ী তিন তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে আর্সেনালকে। কোচ আর্সেন ভেঙ্গার জানিয়েছেন, জার্মানির মেসুত ওজিল, লুকাস পোডলস্কি ও পের মেরটেজাকার এখনো অনুশীলনে যোগ দেননি।
শুধু রোববারের কমিউনিটি শিল্ডই নয়, জার্মানির এই তিন তারকা খেলতে পারবেন না ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম ম্যাচেও।
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল জিতে জার্মানি যাওয়ার পর ওজিল আর তার দুই সতীর্থের ছুটির সময়টা বাড়িয়ে দেয়া হয়। এমনিতেও বিশ্বকাপের পর খেলোয়াড়দের চার সপ্তাহের বিশ্রাম দেয়ার বিষয়টি বাধ্যতামূলক করে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিষয়টি ভেঙ্গারকে ভাবালেও মেনে নিয়েছেন তিনি। তবে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করে বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে নতুন মৌসুম শুরু করাটা যে কঠিন, তা জানেন অভিজ্ঞ এই কোচ।
জার্মানির এই তিন খেলোয়াড়ের সোমবার আর্সেনালের অনুশীলনে যোগ দেয়ার কথা।
'গানার্স' নামে পরিচিত ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৬ অগাস্ট।
