রজার্স কাপে উজ্জ্বল উইলিয়ামস বোনরা
রজার্স কাপে উজ্জ্বলতা ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস বোনেরা। লুসি শাফারোভাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। তার বড় বোন ভেনাস হারিয়েছেন অ্যাঞ্জেলিক কেরবারকে।
উইলিয়ামসরা দুর্দান্ত গতিতে এগিয়ে চললেও শেষ ষোলোর বাধা পেরোতে পারেননি রাশিয়ার তারকা মারিয়া শারাপোভা ও র্যা ঙ্কিংয়ের দুই নম্বরে থাকা পেত্রা কেভিতোভা।
বৃহস্পতিবার কানাডার মন্ট্রিয়ালে লুসি শাফারোভার বিপক্ষে সেরেনার জয়টি ৭-৫, ৬-৪ গেমের। আর কার্লা সুয়ারেস নাভাররোর কাছে চতুর্থ বাছাই শারাপোভা হারেন ৬-২, ৪-৬, ৬-২ গেমে।
উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে আসা কেভিতোভাকে বিদায় করেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা।
শেষ ষোলো থেকে বাদ পড়েন সপ্তম বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচও। আর এর ফলে শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে শুধু সেরেনা ও তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভান্সকাই শেষ আটে টিকে রইলেন।
