ফেলপসের অলিম্পিক স্বপ্নে ধাক্কা
রিও দে জেনেইরোতে ২০১৬ সালের অলিম্পিকে জায়গা করে নেয়ার লড়াইয়ে একটু পিছিয়ে গেলেন মাইকেল ফেলপস। যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলে ৭ম হয়েছেন সর্বকালের সেরা এই সাতাঁরু ।
৪৯ দশমিক ১৭ সেকেন্ডে সাতাঁর শেষ করেন ফেলপস। ৪৮ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের সেরা হন লন্ডন অলিম্পিকের সোনাজয়ী নাথান অ্যাড্রিয়ান। এই ইভেন্টে আদ্রিয়ানের পর সাতাঁর শেষ করেন রায়ান লোকটি।
২০১৬ সালের রিও অলিম্পকে অংশ নেয়ার জন্য অবসর ভেঙে সুইমিংপুলে নামেন ফেলপস। তবে নিজের সেরাটা এখনো ফিরে পাননি তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিযোগিতায় বুধবারের এই টাইমিংয়ের কারণে এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়াতে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফ্রিস্ট্রাইলে অংশ নেয়ার আশা এক অর্থে শেষই হয়ে গেল তার।
রেকর্ড ১৮টি অলিম্পিক সোনাজয়ী ফেলপস অবশ্য জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে অংশ নেবেন। এই ইভেন্টগুলোয় ভালো করতে পারলে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের যুক্তরাষ্ট্র দলে জায়গা পাওয়ার সুযোগ থাকবে তার।
জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৩ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ১৯ বছর বয়সী মিসি ফ্র্যাঙ্কলিন।
