২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াড: ৫ম রাউন্ডে বাংলাদেশের হার

নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ৪১তম আসরের পঞ্চম রাউন্ডে দুটি বিভাগেই হেরে গেছে বাংলাদেশের দাবাড়ুরা। আগের দিন চতুর্থ রাউন্ডেও দুই বিভাগে হেরেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 12:04 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বুধবার উন্মুক্ত বিভাগে পেরুর কাছে ৩-১ পয়েন্টে হারে বাংলাদেশ। আর মহিলা বিভাগে আইসল্যান্ডের কাছে পরাজয়ের ব্যবধানটা একটু ভালো, ২.৫-১.৫ পয়েন্ট।

উন্মুক্ত বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ-আল রাকিব ড্র করেন। হেরে যান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ।

জিয়াউর কালো নিয়ে খেলে পেরুর গ্র্যান্ডমাস্টার হুলিও গ্রান্দা সুনিগার সঙ্গে ড্র করেন। আর সাদা নিয়ে খেলা রাকিব ড্র করেন আরেক গ্র্যান্ডমাস্টার এমিলো করদোভার সঙ্গে।

গ্র্যান্ডমাস্টার হোর্হে কোরির কাছে হারেন কালো নিয়ে খেলা এনামুল। সাদা নিয়ে খেলা মিনহাজউদ্দিন হারেন গ্র্যান্ডমাস্টার ক্রিস্থিয়ান ক্রুসের কাছে।

এর আগে প্রথম দুই রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের সঙ্গে ড্র করে বাংলাদেশ। আর চতুর্থ রাউন্ডে হারে শক্তিশালী ইউক্রেনের কাছে।

উন্মুক্ত বিভাগে পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশ আছে ৮০তম অবস্থানে। ষষ্ঠ রাউন্ডে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

বুধবার মেয়েদের বিভাগে পঞ্চম রাউন্ডে আইসল্যান্ডের প্রতিপক্ষকে হারান মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। ড্র করেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।

হেরে যান মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আকতার লিজা এবং মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।

চতুর্থ রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল রানী হামিদরা।

পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের মেয়েরা আছে ৮৪তম অবস্থানে।

মেয়েদের বিভাগে ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ খেলবে চীনা তাইপের বিপক্ষে।