এগিয়ে গিয়েও হারল হকি দল
এগিয়ে থেকেও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ হকি দল। এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
বুধবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৩০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিকরা গোল তুলে নিতে পারেনি। তবে ওই আক্রমণ থেকেই বেলালের বাড়ানো বল ভারতের জালে পৌঁছে দেন ফরহাদ আহমেদ সিটুল।
তবে দুই মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে ভারতকে সমতায় ফেরান গুরজিন্দর সিং। এরপর আরেকটি পেনাল্টি কর্নার থেকে জয়সূচক গোল এনে দেন হারজিৎ সিং।
ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান গেমস সামনে রেখে ভারতের সঙ্গে এই প্রস্তুতি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মূল দলের বেশিরভাগ খেলোয়াড় না আনলেও বেশ শক্তিশালী দলই খেলিয়েছে ভারত।
তাই ভারতের কাছে হারলেও শিষ্যদের লড়াকু পারফরম্যান্সে খুশি কোচ নাভিদ আলম। প্রতিপক্ষরা কোনো ফিল্ড গোল না পাওয়াতেও সন্তুষ্ট তিনি।
“ছেলেদের খেলায় আমি খুশি। একটা ভালো ম্যাচ হয়েছে। ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল এবং অভিজ্ঞ; কিন্তু তারাও আমাদের কাছ থেকে ফিল্ড গোল তুলে নিতে পারেনি। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে পেয়েছে।”
আর অন্য দিকে জিতেও খুশি নন ভারত কোচ তুষার খন্দকার।
“২-১ স্কোরলাইনে আমি খুশি নই। আশা করি, পরের ম্যাচে ছেলেরা আরো ভালো খেলবে। তবে বাংলাদেশ ভালো খেলেছে।”
সিরিজের দ্বিতীয় ম্যাচ বিকেএসপিতেই হবে আগামী শুক্রবার।
