বায়ার্নে যাচ্ছেন রেইনা
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের গোলরক্ষক পেপে রেইনার বায়ার্ন মিউনিখে যাওয়াটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। স্পেনের এই গোলরক্ষকের দলবদলের খবরটি টুইটারের মাধ্যমে জার্মানির ক্লাবটিই জানিয়েছে।
বেলজিয়ামের গোলরক্ষক সিমোঁ মিনোলেকে দলে নেয়ার পর লিভারপুল তাকে গত মৌসুমের ধারে নাপোলিতে পাঠিয়ে দেয়।
৩১ বছর বয়সী রেইনা লিভারপুলে যোগ দেন ২০০৫ সালে। সেই থেকে আটটি মৌসুম 'অল রেড' নামে পরিচিত দলটির এক নম্বর গোলরক্ষক ছিলেন তিনি; ক্লাবের হয়ে খেলেন ৩৯৪টি ম্যাচ।
মিনোলের কারণে লিভারপুল ছেড়ে যেখানে যাচ্ছেন, সেই বায়ার্নেও আছে বিশ্বের অন্যতম সেরা এক গোলরক্ষক মানুয়েল নয়ার। এরপরও সেখানে যাচ্ছেন রেইনা।
বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানান, রেইনাই বায়ার্ন মিউনিখে নাম লেখানোর আগ্রহ দেখান।
প্রথমে অবশ্য ধারে খেলা নাপোলিতেই স্থায়ী হতে চেয়েছিলেন রেইনা। কিন্তু লিভারপুলের ৩৯ লাখ ৫০ হাজার পাউন্ডের ‘রিলিজ ক্লজ’ মেটাতে পারেনি ইতালির ক্লাবটি।
