বিদায় তিকি-তাকা অর্কেস্ট্রার কন্ডাক্টরের
'তিকি-তাকা'র ছন্দে বিশ্ব জুড়ে ফুটবল রোমাঞ্চ-পিয়াসীদের হৃদয়ে দোল দেয়া স্পেন যেন পরিণত হয়েছিল একটি অর্কেস্ট্রা দলে। আর মাঠে দলকে সুযোগ্য এক কন্ডাক্টরের মতো তা পরিচালনা করতেন চাভি এরনান্দেস। তাই ব্রাজিল বিশ্বকাপে সুর কেটে যাওয়ার পরের মাসেই বিদায় বলে দিলেন এই মিডফিল্ডার।
'লা ফুরিয়া রোহা' নামে পরিচিত স্পেন দলের লাল জার্সি চাভি গায়ে তোলেন ২০০০ সালে। আর কোচ লুইস আরাগোনেস দলটির দায়িত্ব নেন ২০০৪ সালে। ধীরে ধীরে দলকে তিকি-তাকার ছন্দে জাগিয়ে তোলেন স্পেনের প্রয়াত এই কোচ।
তিকি-তাকার সফল প্রয়োগের জন্য মাঝমাঠে তার প্রয়োজন ছিল একজন কার্যকর মিডফিল্ডার। চাভিকেই গড়ে তোলেন তিনি।
২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়ে স্পেন দলকে বিদায় জানান আরাগোনেস। কিন্তু যে ছন্দ তিনি উপহার দিয়ে যান, কন্ডাক্টর চাভি সেটা বয়ে নিয়ে চলেন। আরাগোনেস গিয়ে স্পেন দলের দায়িত্ব নেন ভিসেন্তে দেল বস্ক। তিকি-তাকার ছন্দে মাঠের সবুজে সুন্দর ফুটবলের আল্পনা এঁকে সাফল্যে ভাসতে থাকেন চাভিরা।
২০১০ বিশ্বকাপের শিরোপা জেতেন তারা। চার বছরের ছোট্ট একটা অধ্যায়ে এরপর আসে রেকর্ড গড়ার মাহেন্দ্রক্ষণ। চাভিরা স্পেনকে উপহার দেন ২০১২ সালের ইউরোর শিরোপা। ইউরো, বিশ্বকাপ, আবার ইউরো - টানা বড় তিনটি শিরোপা জেতা প্রথম দল হয়ে যায় তারা।
ব্রাজিল বিশ্বকাপ চাভিদের সোনালি সময়কে বিষাদে ভরে দেয়। আগের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
চাভিও হয়ত বুঝে যান-অনেক তো হলো, এবার থামা যাক। ১৪ বছর পর জাতীয় দলকে তাই বিদায় জানালেন। ২০০০ থেকে ২০১৪ - ১৩৩ ম্যাচ, দুটি ইউরো, একটি বিশ্বকাপ; এভাবেই ব্র্যাকেটবন্দি হয়ে গেল চাভির আন্তর্জাতিক ক্যারিয়ার।
কিন্তু একটা বিশ্বকাপের বাজে ফল তো আর চাভির মতো একজন মাঝমাঠের শিল্পীর সবকিছু কেড়ে নিতে পারে না! তাই বিদায় বেলায় তিনি সিক্ত হলেন ভালোবাসা, স্নেহ আর প্রশংসার বৃষ্টিতে।
আরাগোনেস বেঁচে থাকলে প্রিয় শিষ্যকে নিয়ে যা বলতেন, দেল বস্কও তার অন্যতম প্রিয় শিষ্যকে নিয়ে ঠিক সেই কথাই বললেন।
"দুর্দান্ত এক খেলোয়াড়ের জন্য প্রশংসাসূচক কথা বলতে চাই আমি। আমরা অনন্য এক খেলোয়াড়কে হারাচ্ছি। তাঁর বিকল্প খুজে পাওয়া মুশকিল। দলের খেলার ধরণের দিক থেকে সে ছিল মূল খেলোয়াড়। মাঠে ও মাঠের বাইরে আমরা তার অভাব বোধ করব।"
বার্সেলোনা অবশ্য এখনই এই অভাবটা বোধ করছে না। স্পেনকে বিদায় জানালেও বার্সেলোনার তিকি-তাকার ছন্দকে জীবন্ত আর মনোহর করে তুলতে মাঝমাঠে কন্ডাক্টরের ব্যাটন ঠিকই ঘুরিয়ে যাবেন চাভি।
ক্লাব ফুটবলে নিজের তিনটি চ্যাম্পিয়ন্স লিগ আর ৭টি লা লিগা শিরোপার অর্জনটাকেও হয়ত আরো দূরে নিয়ে যাবেন।
