আন্তর্জাতিক ফুটবলকে চাভির বিদায়
ব্রাজিল বিশ্বকাপে দেশের হতাশাজনক ফলের পর সিদ্ধান্ত নিতে বেশি দেরি করলেন না চাভি এরনান্দেস। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের এই মিডফিল্ডার।
মঙ্গলবার স্পেনের ফুটবলকে বিদায় বলে দেয়ার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী বার্সেলোনার এই প্লে-মেকার।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পায় তারা।
ব্রাজিল বিশ্বকাপটা ভালো না কাটলেও স্পেনের হয়ে চাভির ক্যারিয়ারটা রঙিনই। ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে ২০১০ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
দুর্দান্ত এই ৪টি বছরের জন্য সংবাদ সম্মেলনে গর্ব নিয়েই অবসরের ঘোষণা দিলেন চাভি।
“এই বছরগুলোর প্রতি আমি ঋণী। দারুণ সময় ছিল এটা।”
স্পেন দলে চাভির ক্যারিয়ারটা ১৪ বছরের। ২০০০ সালে প্রথম দেশের জার্সি পরে মাঠে নামা চাভি ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। স্পেনের হয়ে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি তারই অধিকারে।
