নিজের অন্তর্বাসের প্রচারে রোনালদো
কিছুদিন আগে ‘সবচেয়ে সুঠাম দেহের অধিকারী’ পুরুষ নির্বাচিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার ওই সুঠাম দেহের ছবিটাই বিশ্বের বড় বড় সাতটি শহরে দেখা যাচ্ছে, তাও আবার শুধু অন্তর্বাস পরা অবস্থায়। নিজের ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের নতুন নকশার অন্তর্বাসের প্রচারেই এই কৌশল নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
এখন লন্ডন, প্যারিস, মিলান, বার্লিন, নিউ ইয়র্ক, লিসবন ও মাদ্রিদের রাস্তার পাশে বিশালাকার সব ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ভঙ্গিমায় নিজের অন্তর্বাস পরা রোনালদোকে।
সবসময়ের ফ্যাশন সচেতন রোনালদো নিজের প্রিয় সিআরসেভেন ব্র্যান্ডের অন্তর্বাসের প্রচার করতে পেরে ভীষণ খুশি। আর এটা বাজারে ছাড়তে পেরে গর্বিতও রিয়াল মাদ্রিদের এই তারকা।
রিয়াল ছাড়াও জাতীয় দলেও ৭ নম্বর জার্সি পরে খেলেন রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও একই নম্বরের জার্সি পরে খেলতেন তিনি। তাই এই নম্বরটা তার খুব প্রিয় জানিয়ে রোনালদো বলেন, “৭ নম্বরটা সবসময়ই আমার খুব পছন্দের। তাই আমার নতুন নকশার (অন্তর্বাস) বিশ্বজুড়ে সাতটি শহরে ছাড়তে পেরে আমি গর্বিত।”
চোটের কারণে গত মৌসুমের শেষের কিছুটা সময় মাঠের বাইরে কাটানোর পর ব্রাজিল বিশ্বকাপটাও ভালো কাটেনি রোনালদোর। তার দেশ পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে।
ক্লাব ফুটবলের প্রাক-মৌসুমের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর। প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ভালো করতে পারেনি তার দল রিয়াল। এই প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে না খেলা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষের দিকে বদলি হিসেবে নেমে কিছু সময় খেলেন। কিন্তু সাফল্য পাননি গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
