১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা

প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন এই রুশ টিনএজার।

ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা
ছয় বছরের মধ্যে প্রথম টিনএজার হিসেবে ফরাসি ওপেনের নারী এককে শিরোপা জিতলেন মিরা আন্দ্রিভা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 09:30 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

কোয়ালিফায়ার খেলে একের পর এক চমক দেখিয়ে ফাইনালে আসা মায়া খয়ালিনস্কা এবার দাঁড়াতেই পারলেন না। দাপুটে জয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন রুশ টিনএজার মিরা আন্দ্রিভা।

নারী এককের ফাইনালে শনিবার ৬-৩, ৬-২ গেমে জিতেছেন ১৯ বছর বয়সী আন্দ্রিভা।

প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন অষ্টম বাছাই এই তারকা।

উন্মুক্ত যুগে প্রথম কোয়ালিফায়ার হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন র‍্যাঙ্কিংয়ের ১১৪ নম্বরের খয়ালিনস্কা।

স্নায়ুচাপ সামলে দারুণ খেলেন আন্দ্রিভা। ছবি: রয়টার্স

স্নায়ুচাপ সামলে দারুণ খেলেন আন্দ্রিভা

ম্যাচের শুরুতে ছিল লড়াই জমে ওঠার ইঙ্গিত। প্রথম সেটে একপর্যায়ে ছিল ৩-৩ সমতা। কিন্তু এরপর আর পাত্তা পাননি পোল্যান্ডের ২৪ বছর বয়সী খয়ালিনস্কা। দ্বিতীয় সেটে তো ৫-০ গেমে এগিয়ে যান আন্দ্রিভা। খাদের কিনারা থেকে দুই গেম জিতে খয়ালিনস্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি।

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে, দুই হাতে মুখ ঢেকে হাঁটু গেঁড়ে বসে পড়েন আন্দ্রিভা। একটু পর উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তিনি ছুটে যান স্ট্যান্ডে তার দলের কাছে, জড়িয়ে ধরেন কোচকে।

রূপকথার গল্প লিখে ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো মায়া খয়ালিনস্কাকে। ছবি: রয়টার্স

রূপকথার গল্প লিখে ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো মায়া খয়ালিনস্কাকে

১৯ বছর ৩৯ দিন বয়সে এই সাফল্য পেলেন আন্দ্রিভা। ২০২০ সালে ইগা শিয়াওতেকের পর, প্রথম টিনএজার হিসেবে ফরাসি ওপেনের নারী এককে শিরোপা জিতলেন তিনি।

এছাড়া ১৯৯২ সালে ১৮ বছর বয়সে মনিকা সেলেসের টানা তৃতীয় শিরোপা জয়ের পর, আন্দ্রিভাই এখানে সর্বকনিষ্ঠ নারী চ্যাম্পিয়ন।