দ্রগবা, করতোয়ার ফেরার দিনে চেলসির হার
চেলসির সঙ্গে আবার চুক্তি করার পর প্রথম মাঠে নেমেছেন দিদিয়ের দ্রগবা। তবে চেলসি প্রত্যাবর্তনটা তার ভালো হয়নি। জার্মানির ক্লাব ভের্ডার ব্রেমেনের কাছে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে তার দল।
রোববার ভের্ডার ব্রেমেনের মাঠ ভেসেরস্টাডিওনে চেলসি-অভিষেক হয় গোলরক্ষক থিবো করতোয়ার।
বেলজিয়ামের এই গোলরক্ষকের বিষয়টি একটু অন্যরকম। ২০১১ সালে চেলসিতে নাম লেখান তিনি। কিন্তু এর পর থেকেই ধারে আতলেতিকো মাদ্রিদে খেলেন।
জন টেরির হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্রেমেনকে এগিয়ে দেন ডাচ উইঙ্গার এলজেরো এলিয়া।
লুদোভিক ওবরানিয়াক হেড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর পেনাল্টি থেকে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ফেলিক্স ক্রুস।
দ্রগবা ও করতোয়া দুজনেই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন।
