হিলটনের সঙ্গে পার্টিতে মজেছেন নেইমার
মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরার পর থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় দিন কাটাচ্ছেন নেইমার। তবে একই সঙ্গে ছুটিতে বেশ মজাই করছেন ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা ফুটবলার। স্পেনের ইবিজার মনোরম পরিবেশে পার্টি মাতাতে ওস্তাদ মার্কিন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটনকে সঙ্গী হিসেবে পেয়ে সময়টা ভালোই কাটাচ্ছেন।
গত মাসে শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পিঠে চোট পান বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। তারপর থেকেই মাঠের বাইরে তিনি।
সম্প্রতি জাপানে এক কোম্পানির প্রচারে অংশ নিয়ে নেইমার যান ‘পার্টি ক্যাপিটাল’ নামে পরিচিত স্পেনের ইবিজায়। সেখানেই হিলটন হোটেল গ্রুপের মালিকের মেয়ে প্যারিস হিলটনের সঙ্গে দেখা নেইমারের। পার্টিতে হই-হুল্লোর করার জন্য অনেক আগে থেকেই বিখ্যাত হিলটন। তার সঙ্গে পার্টিতে আনন্দ করার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন ২২ বছর বয়সী নেইমার।
ফুটবলারদের সঙ্গে প্যারিস হিলটনের সখ্যতা অবশ্য এটাই প্রথম নয়। ২০০৯ সালে লাস ভেগাসে ওই সময়ের সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে দেখা গিয়েছিল তাকে।
