এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু ফুটবল দলের
এশিয়ান গেমসের ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া অনুশীলনে প্রাথমিক দলের ২৯ জন ফুটবলারের মধ্যে প্রায় সবাই যোগ দিয়েছেন।
প্রস্তুতির শুরুটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হলেও সোমবার থেকে অনুশীলন হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে।
এক মাসেরও বেশি সময় ধরে বিকেএসপিতে চলবে এই প্রস্তুতি। এরপর এশিয়ান গেমসের দল ঠিক করবেন কোচ। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচন শুরু হবে এই প্রতিযোগিতা।
নেদারল্যান্ডস থেকে দেশে ফিরে জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ প্রস্তুতি ক্যাম্পের ফুটবলারের সংখ্যা ৪ জন বাড়িয়েছেন। নতুন করে ডাক পাওয়া ফুটবলাররা হলেন ব্রাদার্স ইউনিয়নের আবদুল মালেক ও মেজবাহ, চট্টগ্রাম আবাহনীর ফাহাদ এবং টিম বিজেএমসির আমিনুর রহমান সজীব।
তবে প্রাথমিক দলে রোববার যোগ দেননি মো. মামুনুল ইসলাম মামুন ও জামাল ভূইয়া। চাচার মৃত্যুর কারণে মামুন পরিবারের সঙ্গে আছেন। জামাল ভূইয়া আছেন ডেনমার্কে।
রোববার দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলে প্রাথমিক দলের ফুটবলাররা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
লাল দলের হয়ে সোহেলের পাস থেকে গোল করেছেন জুয়েল। সবুজ দলের হয়ে তকলিসের বাড়ানো বল থেকে গোল করেন মেসবাহ।
প্রাথমিক দল: মো. শহিদুল আলম, আতিকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা, মো. জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, মো. এ এস ইউসুফ সিফাত, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, মো. নাহিদুল ইসলাম, মো. ইমন মাহমুদ, সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, মো. মামুনুল ইসলাম মামুন, মো. রায়হান হাসান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, কেষ্ট কুমার বোস, ইয়াছিন খান, মিঠুন চৌধুরী, ওমর ফারুক বাবু, জুয়েল রানা, মো. রুবেল মিয়া, মো. রাসেল মাহমুদ লিটন, মো. ওসমান গনি, জামাল ভূইয়া, আবদুল মালেক, ফাহাদ, আমিনুর রহমান সজীব ও মেজবাহ।
