কড়া নিয়মের বেড়াজালে বার্সার ফুটবলাররা
নতুন কোচের অধীনে কড়া নিয়মের জালে বাধা পড়তে যাচ্ছে বার্সেলোনার খেলোয়াড়েরা। মেসি-নেইমার-সুয়ারেসদের জন্য কোচ লুইস এনরিক বেধে দিয়েছেন অনেকগুলো নিয়ম, যা না মানলে গুণতে হবে জরিমানা।
প্রতিদিনের অনুশীলন শুরুর এক ঘণ্টা আগে সবাইকে উপস্থিত থাকতে বলেছেন লুইস। আর কেউ বিশেষ কোনো কারণ ছাড়া অনুশীলন না করলে তাকে কঠিন শাস্তি পেতে হবে।
খেলোয়াড়দের স্কি করতে ও মোটরসাইকেল চালানোর উপরেও নিষেধাজ্ঞা দিয়েছেন কোচ এনরিক।
খাবারের সময় কোনোরকম অ্যালকোহল যুক্ত পানীয় পান করতে পারবে না কেউ। সাবেক কোচ পেপ গার্দিওলা অবশ্য অল্প পরিমাণে অ্যালকোহল পান করার অনুমতি দিতেন; কিন্তু এনরিক এ বিষয়ে কোনোরকম ছাড় দিতে নারাজ।
তাছাড়া কোনো ম্যাচের দুই দিন আগে থেকে মাঝ রাতের পর বাইরে থাকা নিষেধ করে দিয়েছেন তিনি।
স্পেনের ক্রীড়া দৈনিক 'স্পোর্ত'-এর প্রতিবেদন অনুযায়ী, কোনো নিয়ম ভঙ্গ করলে খেলোয়াড়দের এক থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
নিয়ম ভাঙার জন্যে কাউকে যদি সর্বোচ্চ পরিমাণের জরিমানা দিতে হয় তাহলে সেটা বড় মাপের অপরাধ বিবেচনা করা হবে। তখন ক্লাবের নির্বাহী পর্ষদ ওই খেলোয়াড়কে আরো বড় শাস্তি দিতে পারে।
এছাড়া বড় ধরণের আচরণ বিধি ভাঙলে দোষী খেলোয়াড়কে ক্লাব থেকে বহিষ্কারও করা হতে পারে বলে হুমকি দিয়ে রেখেছেন এনরিক।
