ম্যান সিটিতে ধারে খেলবেন ল্যাম্পার্ড
চেলসির অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিলেও আরো কয়েকটা মাস ইংলিশ ফুটবলেই দেখা যাবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। এমএলএস'র নতুন দল নিউ ইয়র্ক সিটি এফসি থেকে ধারে ম্যানচেস্টার সিটিতে খেলবেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
গত মাসে নিউ ইয়র্ক সিটির সঙ্গে দুই বছরের চুক্তি করেন ৩৬ বছর বয়সী এই তারকা।
তবে আগামী বছরের মার্চের আগে মাঠের লড়াইয়ে নামবে না নতুন দলটি। আর ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি ও যুক্তরাষ্ট্রের বেসবল ক্লাব নিউ ইয়র্ক ইয়াঙ্কির মালিকই এমএলএস'র এই দলের মালিক হওয়ায় মাঝের সময়টা প্রতিযোগিতামূলক ফুটবলে থাকতে ইংল্যান্ডে ফিরে যাওয়াটা সহজ হয়েছে ল্যাম্পার্ডের।
চেলসির হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে রেকর্ড ২১১ গোল করা ল্যাম্পার্ডকে ধারে পাওয়ার ব্যাপারে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত কিছুই জানাইনি। কিন্তু ল্যাম্পার্ড খুব শিগগিরই সিটির ক্যারিংটন অনুশীলনে ক্যাম্পে যোগ দিতে পারেন। আগামী জানুয়ারির মাঝ পর্যন্ত সিটির হয়ে খেলবেন তিনি।
