ইউরো পর্যন্ত থাকতে চান দেল বস্ক
বিশ্বকাপে সব হারানোর আঘাত অনেকটাই কাটিয়ে উঠেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। এখন ২০১৬ সালের ইউরো পর্যন্ত দলের সঙ্গে থাকতে চান তিনি। জানিয়েছেন, স্পেনের ফুটবল ফেডারেশনও তার পাশেই আছে।
দেল বস্ক নিজের ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভেঙেছেন বৃহস্পতিবার।
“ফেডারেশনের সঙ্গে আমার চুক্তির মেয়াদ এ পর্যন্ত (ইউরো ২০১৬) রয়েছে। আর ফেডারেশন মনে করে, দুটি ম্যাচের চেয়ে গত ছয় বছর বেশি গুরুত্বপূর্ণ।”
ফেভারিটের তকমা নিয়েই ব্রাজিল বিশ্বকাপে পা রেখেছিল ২০১০ সালের শিরোপা জয়ী স্পেন। কিন্তু গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে উড়ে যায় দেল বস্কের দল। এর পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে চিলির কাছেও হারে তারা।
তবে বিশ্বকাপের এই ধাক্কা স্পেনের ফুটবল ফেডারেশন অনেকটাই কাটিয়ে উঠেছে বলে জানান দেল বস্ক। এখন তারা ভবিষ্যৎ নিয়েই ভাবছে।
আর বিশ্বকাপ স্বপ্নের সমাধি হলেও ইউরো নিয়ে স্বপ্ন দেখছেন দেল বস্ক।
“আমরা আরো ভালো করতে পারি এবং নিজেদের আবার সঠিক পথে নিয়ে আসতে পারি। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার চেষ্টা করব।”
স্পেনের সোনালি ৬টি বছরের নেপথ্যের অন্যতম নায়ক ৬৩ বছর বয়সী দেল বস্ক। স্পেন ২০০৮ সালে ইউরো জেতার পর দায়িত্ব নেন তিনি। এর পর তার অধীনেই ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জেতে স্পেন। এবার আরেকটা শিরোপা জেতাতে চান তিনি। তবে এ জন্য দলে কিছু পরিবর্তন আনতে হবে বলে মনে করেন কোচ।
“আমরা সামনের ম্যাচগুলোর জন্য এটা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। দলে কিছু পরিবর্তন আনতে হবে। অতীতেও আমরা এটা করেছি।”
