২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের টুকিটাকি

শেষ হলো ব্রাজিল বিশ্বকাপ। পরিসংখ্যানের বইয়ে লিখে রাখার মতো অনেক ঘটনাও উপহার দিল সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা আসরটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:40 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

পুরনো খবর:

বিশ্বকাপের স্মরণীয় ১০ মুহূর্ত

# এবার গোল হয়েছে ১৭১টি, যা ১৯৯৮ বিশ্বকাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।  

# রেকর্ড অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌছায় জার্মানি।

# এবার ১৮টি গোল করেছে জার্মানি, যা ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের করা গোলের সমান।

# টুর্নামেন্টে মাত্র ৭ মিনিট পিছিয়ে ছিল আর্জেন্টিনা।

# ব্রাজিলের রোনালদোকে (১৫) পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬)।

# এই প্রথম কোনো আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠে কনকাকাফ অঞ্চলের তিনটি দল।

# এই প্রথম কোনো আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠে আফ্রিকার দুটি দল।

# টুর্নামেন্টে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় আট গ্রুপ সেরা।

# বিশ্বকাপে সর্বনিম্ন পয়েন্ট পেল ইংল্যান্ড (১)। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

# এবার নিয়ে শেষ চার আসরের তিনটির চ্যাম্পিয়ন পরের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। (২০০২ ফ্রান্স, ইতালি ২০১০, স্পেন ২০১৪)

# বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৫টি সেভ করে রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড।

# আগের যে কোনো আসর থেকে এবার বদলি খেলোয়াড়রা সবচেয়ে বেশি ৩২টি গোল করেন।

# নেদারল্যান্ডসের পাঁচটি জয়ের তিনটিই এসেছে পিছিয়ে থেকে।

# ইতালি এ নিয়ে চারবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এর আগে ১৯৬২, ১৯৬৬ ও ২০১০ আসরে বিদায় নেয় তারা।

# লাতিন আমেরিকায় ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব জার্মানির।

# এ নিয়ে টানা তিনটি শিরোপা জিতল ইউরোপের দেশ।

# সেমি-ফাইনালে সবচেয়ে বড় জয় পেয়েছে জার্মানি। ব্রাজিলকে ৭-১ গোলে হারায় তারা। সেমি-ফাইনালে কোনো দলের ৭ গোলের কৃতিত্ব এই প্রথম। বিশ্বকাপের আয়োজক দেশের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।

# ব্রাজিলকে (২২১) পেছনে ফেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২৪টি গোল করার কৃতিত্ব জার্মানির। ব্রাজিলকে বিধ্বস্ত করা ম্যাচেই তাদের ছাড়িয়ে যায় জার্মানি।

# বিশ্বকাপে সবচেয়ে বয়সে খেলার রেকর্ড কলম্বিয়ার ফারিদ মোনদ্রাওনের। কোত দি ভোয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সময় এই গোলরক্ষকের বয়স ছিল ৪৩ বছর ৩ দিন।

# এবারের আসরে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় লুক শ। কোস্টা রিকার বিপক্ষে মাঠ নামার সময়ে তার বয়স ১৮ বছর ৩৪৮ দিন।

# এই বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে মাত্র তিনটি গোল হয়েছে।

# এবারের চেয়ে বেশি আত্মঘাতী (৫) গোল হয়েছে কেবল ১৯৯৮ বিশ্বকাপে (৬)।

# ১৯৮২ সাল থেকে ব্রাজিল প্রতিবার নিজেদের গ্রুপের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়।

# নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের ৪ গোলের ব্যবধানে হার শিরোপাধারী দলের সবচেয়ে বড় পরাজয়।

# কেবল বাঁ পা দিয়েই হ্যাটট্রিক করেন জেদরান শাচিরি। ১৯৬৬ থেকে ২০১৪ পর্যন্ত এটাই বা পায়ে করা একমাত্র হ্যাটট্রিক।

# ২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জেতার পথে সব মিলিয়ে মাত্র ৬ গোল হজম করেছিল স্পেন। আর এবার প্রথম রাউন্ডেই নিজেদের জাল থেকে ৭ বার কুড়িয়ে আনতে হয় তাদের।

# এবারের আসরের শততম গোলটি করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

# নেদারল্যান্ডস বিশ্বকাপে শেষ আসরের তিনটাতেই সেমি-ফাইনালে পৌঁছায়।

# এবারের আসরে কোস্টা রিকার কেইলর নাভাস ২৩ শটের ২১টি ফেরান।

# বিশ্বকাপে মাত্র ১৩ ম্যাচ খেলে টমাস মুলারের গোল ১০টি আর গোলে অবদান ছয়টি।

# ৭-১ ব্যবধানে হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় (উরুগুয়ের সঙ্গে ৬-০ ব্যবধানে হেরেছিল ১৯২০ সালে)।

# ব্রাজিলের জালে জড়ানো ১৪ গোলের নয়টিই এসেছে তাদের খেলার প্রথম ৩০ মিনিটে।

# সেমি-ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের গোলে নেয়া ১৪ শটের ১০টিই জাল খুঁজে পায়।

# বিশ্বকাপের ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে প্রথম গোল করার কৃতিত্ব মাটিও গোটসের। শিরোপা লড়াইয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন তিনি।