২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে বীর বরণ

হাতে পতাকা, গায়ে জাতীয় দলের জার্সি- বিশ্ব জয় করে আসা প্রিয় তারকাদের স্বাগত জানাতে মঙ্গলবার সকালে এভাবেই লাখ লাখ মানুষ বার্লিনের রাস্তায় নেমে আসে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 08:45 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে চতুর্থবারের মতো আর লাতিন আমেরিকার মাটিতে প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতা টমাস মুলার-ফিলিপ লামদের দেশে নিয়ে আসা বিমানটি রাজধানীর টেগেল বিমানবন্দরে নামে। 

সোনালি ট্রফিটি দুই হাতে উঁচু করে ধরে সবার আগে প্লেন থেকে বেরিয়ে আসেন অধিনায়ক লাম। তার পেছনেই জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বেরিয়ে আসেন অভিজ্ঞ মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

প্রায় পাঁচ লাখ মানুষ এসময় বার্লিনের রাস্তায় নেমে আসে। শুধু হাতে পতাকা বা গায়ে জার্সিই নয়, অনেকের মুখে পতাকার মতো কালো, লাল ও সোনালি রং করা ছিল।

প্রিয় তারকাদের বিমান বিমানবন্দরে নামার আগে আকাশে চক্কর কাটার সময়ই নিচে থাকা সাধারণ মানুষেরা আবেগে চিৎকার করে ওঠে। বলতে থাকে ‘ফুটবল বাড়ি ফিরছে!’  

বিমানবন্দর থেকে জার্মানি দল বেরিয়ে আসার পর তাদের ছাদ খোলা যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা তাদের স্বাগত জানায়।

ঐতিহাসিক ব্রানডেনবুর্গ গেটের কাছে বিশ্বকাপ জয়ের উৎসবে যোগ দেয় প্রায় পাঁচ লাখ মানুষ। বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্যরা বিমানবন্দর থেকে সেখানে পৌঁছলে উৎসবে মেতে ওঠে সমর্থকরা।

পূর্ব বার্লিন থেকে আসা ৫১ বছর বয়সী এক জার্মান বলেন, “আমার জীবনে বিশ্বকাপ জয়ী একটা দলকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত।”