ভবিষ্যৎ ঠিক করেননি 'হতাশ' স্কলারি
স্বপ্ন আর গর্ব আগেই ভেঙেছে, নেদারল্যান্ডসের কাছে হেরে সান্ত্বনা খোঁজার সুযোগটুকুও শেষ। যার অধীনে ব্রাজিলের সবকিছু বেহাত হয়ে গেলো, সেই লুইস ফেলিপে স্কলারি এখনো তার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে সবকিছু নিয়ে তার প্রচণ্ড হতাশার কথা জানিয়েছেন ব্রাজিলের কোচ।
শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বভাবতই স্কলারিকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো স্কলারি জানান, নিজে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তার।
"এই সিদ্ধান্ত কনফেডারেশনের সভাপতিরই নিতে হবে। ফল যাই হোক, আমাদের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত।"
নেদারল্যান্ডস ম্যাচের আগেই অবশ্য স্কলারির পাশে দাঁড়ান ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তারা। সিবিএফের হবু সভাপতি মার্কো পোলো দেল নেরো জানান, তিনি স্কলারির থেকে যাওয়ারই পক্ষে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আবার জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালের লজ্জা নিয়ে কথা ওঠে। তবে এ বিষয়ে স্কলারি কিছু বলতে চাননি। সবকিছুর জন্য নিজেকে 'দু:খিত' মনে করছেন তিনি।
নিজের হতাশার কথা জানিয়ে স্কলারি বলেন, "জার্মানির কাছে ৭-১ গোলের হার নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। আমি জানি যে, এটা আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ (ফল) কিন্তু আমাদের ইতিবাচক দিকগুলোও দেখতে হবে।"
