২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টাগ্রামে নতুন বিতর্কে বালোতেল্লি

আবারো বিতর্কে জড়িয়েছেন মারিও বালোতেল্লি। ইনস্টাগ্রামে বন্দুক তাক করা ছবি উঁচিয়ে ধরে ছবি পোস্ট করেছেন ইতালির এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 11:55 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

এসি মিলান স্ট্রাইকার বালোতেল্লির পোস্ট করা ছবিতে দেখা যায়, মেজাজী এই স্ট্রাইকার ক্যামেরার দিকে বন্দুক অথবা বন্দুকের মতো কিছু একটা তাক করে আছেন। আর তার নিচে লেখা, ‘ঘৃণাকারীদের জন্য চুমু’।

২৩ বছর বয়সী বালোতেল্লি পরে ছবি সরিয়ে নিলেও তার কর্মকাণ্ডে ভীষণ ক্ষুব্ধ এসি মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গাল্লিয়ানি। তিনি জানান, খেলোয়াড়দের অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বন্ধে কোনো ক্ষমতা নেই ক্লাবগুলোর।

“সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে আমার নিজস্ব ধারণা আছে। আমি অনেকবারই চেষ্টা করেছি; কিন্তু এতে খেলোয়াড়দের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন হবে যুক্তি দিয়ে সব সময়ই আমাকে থামিয়েছেন আইনজীবীরা।”

তিনি জানান, চুক্তিতে লেখা থাকে খেলোয়াড়রা কি করতে পারে আর কি পারবে না। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ক্লাব কর্মকর্তারা কিছু করতে পারে না। তারা বলতে পারেন, কিন্তু তা যথেষ্ট নয়।

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বালোতেল্লির দল ইতালি। আপাতত যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাগদত্তা ফানি নেগুয়েশার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।