ব্রাজিলকে স্তব্ধ করে দেয়া ৭ গোল
মাত্র ছয় মিনিটের ঝড়ে উড়ে গেল ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন। রক্ষণভাগের ব্যর্থতায় এই ছয় মিনিটে একটি দুটি করে জার্মানির চার-চারটি গোল! ম্যাচের ১১তম মিনিটেই অবশ্য শুরু হয়েছিল সর্বনাশের। আর দ্বিতীয়ার্ধের দুটি গোল যেন কফিনে ঠোকা দুটি পেরেক।
নক আউট পর্বে আগের দুই ম্যাচ ন্যূনতম ব্যবধানে জেতা দলটি কি না ব্রাজিলকে হারিয়েছে ৭-১ গোলে। বলতে গেলে রক্ষণভাগের দোষেই টুর্নামেন্টে তিন ম্যাচে নিজেদের জালে কোনো বল জড়াতে না দেয়া ব্রাজিলকে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবতে হল।
১-০; টমাস মুলার, ১০ মিনিট ২১ সেকেন্ড
জার্মানি প্রথম কর্নারকেই গোলে পরিণত করে এগিয়ে যায়। ডানদিক থেকে টনি ক্রুসের কর্নার সোজা টমাস মুলারের পায়ে এসে পড়ে। অরক্ষিত এই ফরোয়ার্ড বল জালে জড়াতে কোনো ভুল করেননি। জটলা থেকে পিছিয়ে এসে ফাঁকায় জায়গা করে নেন মুলার। দাভিদ লুইস জটলা থেকে সরে এসে মুলারকে বাধা দেয়ার চেষ্টা করলেও সফল হননি।
২-০ মিরোস্লাভ ক্লোসা, ২২ মিনিট ০৮ সেকেন্ড
ব্রাজিল সীমানায় জার্মান খেলোয়াড়দের একটি পাস ঠেকাতে পারলেন না ফের্নান্দিনিয়ো। বল পেয়ে টনি ক্রুস ডি বক্সে তা বাড়ান মুলারকে। বায়ার্ন মিউনিখ তারকা নিজে শট না নিয়ে দেন মিরোস্লাভ ক্লোসাকে। তার প্রথম শটটি ফিরিয়ে দেন জুলিও সেজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি। ডি বক্সে তখন ব্রাজিলের পাঁচ জন খেলোয়াড় ছিলেন, কিন্তু গোলটি ঠেকানোর জন্য কাউকেই তৎপর মনে হয়নি।
৩-০; টনি ক্রুস; ২৩ মিনিট ৫৮ সেকেন্ড
মেসুত ওজিল ডান দিক থেকে বল দেন ফিলিপ লামকে। তিনি বল বাড়ান মুলারের দিকে। কিন্তু পা ছোঁয়াতে পারেননি বায়ার্ন মিউনিখের এই তারকা। বল পেয়ে যান ক্রুস। ডি বক্সের ঠিক সীমানায় পুরোপুরি অরক্ষিত ছিলেন ক্রুস। বাঁ বার ঘেঁষে তার বাঁ পায়ের শট জালে জড়ালে নীরবতা নেমে আসে স্টেডিয়ামে। ডি বক্সে তখন ছিলেন ব্রাজিলের ছয় খেলোয়াড়!
৪-০; টনি ক্রুস; ২৫ মিনিট ০৭ সেকেন্ড
ব্রাজিল অর্ধে ফের্নান্দিনিয়োর পা থেকে বল কেড়ে নিয়ে টনি ক্রুস পাস দিলেন সামি খেদিরাকে। ব্রাজিলের গোলরক্ষক সেজার এগিয়ে আসায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বল ফিরিয়ে দেন ক্রুসকে। প্রায় ফাঁকা জালে বল পাঠানোর সহজ কাজটি সারতে ম্যাচের সেরা খেলোয়াড়ের কোনো ভুল হয়নি।
৫-০; সামি খেদিরা, ২৮ মিনিট ৪৯ সেকেন্ড
দাভিদ লুইস বল বিপদমুক্ত করে পাঠিয়েছিলেন জার্মানির সীমানায়। বল পেয়ে একজন, দুইজন নয়, পাঁচ জনের বাধা এড়িয়ে খেদিরাকে বল বাড়ান বেনেডিক্ট হুভেডেস। এই সময়ে ডি বক্সে জার্মানির তিন জনের বিপরীতে ব্রাজিলেরও ছিলেন তিন জন। কিন্তু তারা বল ধরবেন না খেলোয়াড় পাহারা দিবেন সেই দ্বিধা কাটিয়ে উঠতে পারেননি। এই সুযোগে ওজিলের সঙ্গে ওয়ান-টু খেলে ডি বক্সে ঢুকে পড়েন খেদিরা এরপর মাইকনের দুই পায়ের মাঝ দিয়ে বল পাঠান জালে।
৬-০; আন্দ্রে শুরলে, ৬৮ মিনিট ৩৭ সেকেন্ড
লামের ক্রস থেকে শুরলে বল ঠেলে দিলেন জালে। ব্রাজিলের ডিফেন্ডাররা এতই মন্থর ছিলেন যে শুরলে না পেলে গোল করতে পারতেন মুলারও। শুরলে সেজারকে পরাস্ত করতেই স্টেডিয়ামজুড়ে শুরু হয় দুয়ো দেয়া। জার্মানি নয়, দর্শকদের লক্ষ্য ছিল স্বাগতিকরা!
৭-০; আন্দ্রে শুরলে, ৭৮ মিনিট ২৩ সেকেন্ড
আন্দ্রে শুরলে বাঁ দিক থেকে ডি বক্সে বল পেলেন। চেলসি ফরোয়ার্ডের নেয়া বাঁ পায়ের শট ক্রসবারে লেগে জালে জড়ায়। সঙ্গে লেগে ছিলেন লুইস, কিন্তু শুরলেকে বাধা দিতে পারেননি তিনি।
