সবচেয়ে বাজে ফ্রেদ!
একটা মাত্র গোল, অনেকের মতে সেটাও আবার অফসাইড থেকে। ক্যামেরুনের বিপক্ষে ওই গোলটি আবার মাত্র ২ গজ দূর থেকে হেড করে। এখন পর্যন্ত যতক্ষণ মাঠে ছিলেন প্রতি ৭৮ মিনিটে একটিমাত্র শট লক্ষ্যে নিতে পেরেছেন। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল স্ট্রাইকার ফেদের অবদান হচ্ছে এই।
লুইস ফেলিপে স্কলারির দলটি নিয়ে সমালোচনার অন্ত নেই। ব্রাজিলের কিংবদন্তিদের অনেকেই মনে করেন, দেশটির বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে দল এটি। আর এই দলের ফ্রেদকে অনেকেই মনে করছেন ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বাজে স্ট্রাইকার।
সাবেকদের ধারণা আর মাঠের পরিসংখ্যানের মতো ডাটাফোলহার জরিপও একই কথা বলছে-এই বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে বাজে খেলোয়াড় ফ্রেদ।
জরিপটি প্রকাশ করা হয়েছে শুক্রবার। ২ হাজার ৮৫৭ জন সমর্থককে প্রশ্ন করেছে তারা। এদের মধ্যে ২১ শতাংশই মনে করে, ফ্লুমিনেসের স্ট্রাইকার ফ্রেদ ব্রাজিল দলের সবচেয়ে বাজে খেলোয়াড়।
হাল্ক অবশ্য তার চেয়ে একটু ভালো। চিলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে কিছুটা ভালো খেলার কারণেই হয়ত জেনিত সেন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্ককে ৯ শতাংশ সমর্থক তাকে দলের সবচেয়ে বাজে খেলোয়াড় মনে করে।
শুক্রবার শুরুর একাদশে না খেলা বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেসকে ৬ শতাংশ সমর্থক বাজে খেলোয়াড় বলছেন।
অবধারিতভাবেই নেইমারকে দলের সেরা বলছে সমর্থকরা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এই তারকা ৫৬ শতাংশ সমর্থকের কাছে দলের সেরা খেলোয়াড়। এর পরেই আছেন গোলরক্ষক জুলিও সেজার। চিলির বিপক্ষে শেষ ষোলোতে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে কোয়ার্টার-ফাইনালে তোলা সেজার ১০ শতাংশ সমর্থকের কাছে দলের সেরা।
